৩০ হিন্দু বাড়িতে আগুন দেওয়ার দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

37
৩০ হিন্দু বাড়িতে আগুন দেওয়ার দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার
৩০ হিন্দু বাড়িতে আগুন দেওয়ার দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

ফেসবুকে কিছু বাড়িঘর আগুনে পোড়ার একটি দৃশ্য শেয়ার করে দাবি করা হচ্ছে, ধর্ম অবমাননার অভিযোগে ৩০-এর অধিক হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, ভিডিওটির সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই। এটি মূলত একটি ধর্ষণ অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনার ভিডিও।

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে।

ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চে নব জাগরণ ( ‘Nobo Jagoron TV’) নামের একটি ফেসবুক পেজে এটি পাওয়া যায়। গত ২৩ সেপ্টেম্বর এখানে ভিডিওটি পোস্ট করা হয়। এটির সঙ্গে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়। পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ময়মনসিংহের গফরগাঁওয়ের ধর্ষণ সম্পর্কিত কোনো ঘটনার ভিডিও।

এই সূত্রে পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। গত ২২ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যাচ্ছে, ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামির বাড়িতে হামলা ও ভাঙচুরের পর আরও ৩ আসামির বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ওইদিন প্রথমে সকাল সাড়ে ৯টার দিকে চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি এলাকায় প্রধান আসামি শরীফের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে একই মামলার আসামি ফাহিম, রাজিব ও এনামুলের বাড়িতে আগুন দেওয়া হয়।

দৈনিক আজকের পত্রিকার ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রতিনিধি সংবাদমাধ্যমটিকে ভিডিওটি সম্পর্কে জানায়, প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভুয়া। এটি মূলত ধর্ষণে অভিযুক্তদের বাড়িতে এলাকাবাসীর অগ্নিসংযোগের ভিডিও। এই ঘটনায় ভুক্তভোগী এবং আসামি উভয়পক্ষই মুসলিম।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে গফরগাঁওয়ে কোনো হিন্দু সম্প্রদায় বা সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে অগ্নিকাণ্ড বা হামলার মতো ঘটনার সংবাদও নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যম সূত্রে পাওয়া যায়নি।

সার্বিক বিশ্লেষণে ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।

আপডেট:

ময়মনসিংহের একই ঘটনার আরও একটি ভিডিও ফুটেজও সাম্প্রদায়িক দাবিতে ছড়াচ্ছে।

এমন দাবিকৃত পোস্ট দেখুন এখানে। ফ্যাক্ট দেখুন এখানে।

Claim:
ধর্ম অবমাননার অভিযোগে ৩০-এর অধিক হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়েছে

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh