সম্প্রতি ফেসবুকে আবহাওয়া অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরাত দিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, ‘আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কোনো ব্যক্তি (খোলা আকাশের নীচে) বাইরে বের হবেন না। কারণ, আবহাওয়া অধিদপ্তর বলেছে, তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।’ ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, আবহাওয়া অধিদপ্তর বা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। প্রতিষ্ঠান দুটিকে সূত্র উল্লেখ করে ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফেসবুক পেজে আজ শনিবার দুপুরে দেওয়া একটি পোস্ট পাওয়া যায়।
এতে সংস্থাটি জরুরি বিজ্ঞপ্তি হিসেবে জানায়, ‘২৯ এপ্রিল হতে ১২ মে ২০২৬ এবং ২৫ মে হতে ০৪ জুন ২০২৬ পর্যন্ত গরমে তাপমাত্রা বৃদ্ধি ও করণীয় সংক্রান্ত কোনো বার্তা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক প্রচার করা হয়নি। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’
পরবর্তীতে আরও খোঁজ করে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, আবহাওয়ার পূর্বাভাস নিয়ে ফেসবুকে প্রচারিত দাবিগুলো সঠিক নয়।
প্রতিবেদনটিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলামকে উদ্ধৃত করে বলা হয়, ফেসবুকে ছড়িয়ে পড়া বার্তাটি ‘সর্বৈব ভুয়া, মিথ্যা ও ক্ষতিকর’।
তিনি প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোনো রেকর্ড নেই এবং বাস্তব পরিস্থিতিতে এমন তাপমাত্রা হওয়ার সম্ভাবনাও নেই।’
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিককে উদ্ধৃত করে প্রথম আলো জানিয়েছে, ‘এ ধরনের তথ্য ছড়ানো খুবই ক্ষতিকর। যে সময়ে ৪৫ থেকে ৫০ ডিগ্রি তাপমাত্রার কথা বলা হচ্ছে, সেই সময়ে তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।’
প্রতিবেদনটিতে আবহাওয়া অধিদপ্তর সূত্রে আরও বলা হয়েছে, ২৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার বদলে কিছুটা কমতে পারে।
এ ছাড়া জাগোনিউজ২৪-এ আজ শনিবার প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ‘আগামীকাল (রোববার) থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া দেশজুড়ে বৃষ্টিপাত বাড়তে পারে।
শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাস সূত্রে এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামীকাল ২৬ এপ্রিল সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এসব তথ্যের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন দেশের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে দাবিতে প্রচারিত তথ্যগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
Claim: সম্প্রতি ফেসবুকে আবহাওয়া অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরাত দিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, ‘আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কোনো ব্যক্তি (খোলা আকাশের নীচে) বাইরে বের হবেন না। কারণ, আবহাওয়া অধিদপ্তর বলেছে, তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh