এই ফেব্রুয়ারির মতো মাস ৮২৩ বছরে একবার আসার ভুয়া দাবি

219
এই ফেব্রুয়ারির মতো মাস ৮২৩ বছরে একবার আসার ভুয়া দাবি
এই ফেব্রুয়ারির মতো মাস ৮২৩ বছরে একবার আসার ভুয়া দাবি

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সপ্তাহের ৭ দিনের প্রতিটি দিনই ৪ বার করে আছে এবং এটি একটি খুব বিরল ঘটনা যা প্রতি ৮২৩ বছর পরে একবার মাত্র দেখা যায়- এমন দাবিযুক্ত একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই দাবি সঠিক নয়। অধিবর্ষ বা লিপইয়ার ব্যতীত প্রতি বছরের ফেব্রুয়ারি মাসই ২৮ দিনে হয়, এবং এই ২৮ দিনে ৪ টি পূর্ণাঙ্গ সপ্তাহ পাওয়া যায়, অর্থাৎ সপ্তাহের ৭ টি দিন ৪ বার করে পাওয়া যায়। এটি খুবই নিয়মিত ঘটনা। প্রতি ৪ বছরের মধ্যে ৩ বার এমন ঘটনা দেখা যায়।এই বিন্যাস দেখার জন্য ৮২৩ বছর অপেক্ষা করতে হয় না।

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখতে পাবেন এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে

এসব পোস্টে বলা হয়েছে, “এই বছর ফেব্রুয়ারি মাস নাকি আর জীবনে দেখা যাবে না। লক্ষ্য করুন এই ফেব্রুয়ারি মাস ৪টা রবিবার, ৪টা সোমবার, ৪টা মঙ্গলবার, ৪টা বুধবার, ৪টা বৃহস্পত্রিবার, ৪টা শুক্রবার, ৪টা শনিবার। শোনা যায়, এমন ঘটনা হয় ৮২৩ বছরে একবার।” (বানান অবিকৃত রাখা হয়েছে)

সাধারণ কিছু গাণিতিক-হিসাব নিকাশ করে দেখা যাচ্ছে, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী অধিবর্ষ বাদে অন্যান্য বছরের প্রতিটি ফেব্রুয়ারি মাস ২৮ দিনে হয়। যেহেতু ৭ দিনে এক সপ্তাহ, তাই ২৮ দিনের ফেব্রুয়ারি মাসে ৪ টা পূর্ণাঙ্গ সপ্তাহ পাওয়া যায়। অর্থাৎ সপ্তাহের প্রতিটি দিন (শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র) চারবার করে পাওয়া যায়।

বিগত বছরের ফেব্রুয়ারি মাসগুলোর ক্যালেন্ডার পর্যবেক্ষণ করে এর সত্যতা পাওয়া গেল।দেখা যাচ্ছে, ২০২৫, ২০২৩, ২০২২, ২০২১, ২০১৯ অর্থাৎ অধিবর্ষ বাদে অন্যান্য প্রতি বছরের ফেব্রুয়ারি মাসেই এভাবেই ৪ বার করে সপ্তাহের প্রতিটি দিন পাওয়া গিয়েছিল। অর্থাৎ, প্রতি ৪ বছরের মধ্যে ৩ বারই এমন ঘটনা ঘটছে। 

চলতি ২০২৬ সালের সাথে অধিক মিল রয়েছে ২০১৫,২০০৯,১৯৯৮ ইত্যাদি বছরের সাথে, কারণ এসব বছরের ফেব্রুয়ারি মাস শুরু হয়েছিল রবিবার দিয়ে ,চলতি বছরের মতোই।

অর্থাৎ, সপ্তাহের প্রতিটি দিন চারবার করে থাকা, এবং রবিবারের মাধ্যমে মাস শুরু হওয়া- এমন কম্বিনেশনও মোটেই বিরল কিছু নয়। গত ২৮ বছরেই এমন কম্বিনেশন মোট ৪ বার দেখা গেল। এর জন্য ৮২৩ বছর অপেক্ষা করতে হবে না।

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এ সকল পোস্টকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ৮২৩ বছর নিয়ে এর আগেও সামাজিক মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়েছিল। কখনো ফেব্রুয়ারি, কখনো অক্টোবর, কখনো ডিসেম্বর বা অন্য কোনো মাস নিয়ে বিরল ঘটনার দাবি করা হত এসব পোস্টে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এই সকল দাবিই ‘গুজব’ বলে প্রমাণিত হয়েছিল। দেখুন-

১। ডিসেম্বরে পাঁচটি বুধ-বিষ্যুদ-শুক্রবার আসছে ৮২৩ বছর পর – মিথ্যা দাবি


২। ৮২৩ বছর পর এই অক্টোবর মাসে শুক্র, শনি ও রবিবার পাঁচটা করে আসছে – গুজব

৩। ২০২৩ এর ফেব্রুয়ারি মাস নিয়ে ভুয়া দাবি


আন্তর্জাতিকভাবেও এই গুজব বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। দেখুন আফ্রিকাচেক এবং স্নোপস এর এই ফ্যাক্টচেক প্রতিবেদন। 

Claim:
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সপ্তাহের ৭ দিনের প্রতিটি দিনই ৪ বার করে আছে এবং এটি একটি খুব বিরল ঘটনা যা প্রতি ৮২৩ বছর পরে একবার মাত্র দেখা যায়- এমন দাবিযুক্ত একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

Claimed By:
Facebook Users

Rating:
Invalid rating

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh