আন্দোলনে যাওয়ায় নারী শ্রমিককে গাছে বাঁধার ভিত্তিহীন দাবি

17
আন্দোলনে যাওয়ায় নারী শ্রমিককে গাছে বাঁধার ভিত্তিহীন দাবি
আন্দোলনে যাওয়ায় নারী শ্রমিককে গাছে বাঁধার ভিত্তিহীন দাবি

সম্প্রতি ফেসবুকে গাছের সাথে এক নারীকে বেঁধে রাখার ভিডিও ছড়িয়ে পড়ছে। ক্যাপশ‌নে দাবি করা হচ্ছে, চলমান পোশাক শ্রমিক আন্দোলনে যোগ দিতে যাওয়ার অপরাধে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন দেওয়ান এই নারী পোশাক শ্রমিককে গাছের সাথে বেঁধে রেখেছেন। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ভিডিওটিতে চলমান আন্দোলনের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, কোনো রাজনৈতিক ব্যক্তি দ্বারা এই নারীকে বেঁধে রাখার প্রমাণও পাওয়া যায়নি।  

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

ভিডিওটির মূল উৎস খুঁজে পেতে এর বিভিন্ন কি-ফ্রেম ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করা হলে এর অনুরূপ ভিডিওর সন্ধান পাওয়া যায়। অনুসন্ধানে দেখা যায়, বিভিন্ন পেজ ও প্রোফাইল থেকে কমপক্ষে ২০২৬ সালের ১৮ই আগস্ট থেকে ভিডিওটি ফেসবুকে পাওয়া যায়। অন্যদিকে, পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজপথে আন্দোলন শুরু হয় ২০২৬ সালের ১২ই অক্টোবর থেকে। অর্থাৎ, আন্দোলন শুরু হওয়ার প্রায় দুই মাস আগের একটি ভিডিও সাম্প্রতিক শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপট হিসেবে ছড়িয়ে পড়ছে।

এই আন্দোলনের পূর্বে প্রকাশিত এসব পোস্ট বিশ্লেষণ করা হয়। সেখানে ভিডিওটি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৭ নম্বর শাকুয়াই ইউনিয়নের বাড়িয়াকান্দা গ্রামের ঘটনা বলে দাবি করা হয়েছিল। কিছু পোস্টের ক্যাপশনে বলা হয়, পারিবারিক বিরোধের সূত্রে এক ছেলে নিজের মাকে মারধর করে ধানক্ষেতে ফেলে রেখেছে। আবার কিছু পোস্টের ক্যাপশনে (১, ২) দাবি করা হয়, ‘শাশুড়িকে মারধর করে ধানক্ষেতে ফেলে রাখার অপরাধে পুত্রবধূকে আমগাছে বেঁধে রাখা হয়েছে। তাকে আটকে রেখে এলাকাবাসী তদন্তের দাবি জানিয়েছিলেন’। যদিও বিশ্বস্ত কোনো মাধ্যম থেকে এই দাবিগুলোর নিরপেক্ষ সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে ফেসবুকের এসব পুরোনো পোস্ট থেকে ইঙ্গিত পাওয়া যায় যে বিষয়টি কালিয়াকৈরের কোনো পোশাক শ্রমিক আন্দোলন সম্পর্কিত নয়। 

অন্যদিকে, পুরোনো পোস্টগুলোর ক্যাপশনে কোথাও ঘটনার স্থান হিসেবে কালিয়াকৈরের নাম উল্লেখ করা হয়নি। আবার, ভিডিওটির বক্তব্য ও বিষয়বস্তু বিশ্লেষণে দেখা যায়, ভিডিওতে থাকা নারী কেবল তার শাশুড়ি, তার জা, জমিজমা সংক্রান্ত বিরোধ এবং পারিবারিক কলহ ইত্যাদি বিষয়ে কথা বলছিলেন। সেখানে ভুক্তভোগী নারী বা উপস্থিত কারও মুখে পোশাক কারখানা, শ্রমিক বা কোনো আন্দোলনের কথা উল্লেখ করতে শোনা যায়নি। মূল ঘটনার সাথে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন দেওয়ান কিংবা সাম্প্রতিক পোশাক শ্রমিক আন্দোলনের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

কাজেই ভিডিওর সঙ্গে বাংলাদেশে চলমান পোশাক শ্রমিক আন্দোলনের সম্পর্ক নেই। তাই সবকিছু বিবেচনা করে ভাইরাল হওয়া ভিডিওটির সাথে সংশ্লিষ্ট দাবিকে ফ্যাক্টওয়াচ মিথ্যা হিসেবে সাব্যস্ত করেছে । 

Claim:
সম্প্রতি ফেসবুকে গাছের সাথে এক নারীকে বেঁধে রাখার ভিডিও ছড়িয়ে পড়ছে। ক্যাপশ‌নে দাবি করা হচ্ছে, চলমান পোশাক শ্রমিক আন্দোলনে যোগ দিতে যাওয়ার অপরাধে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন দেওয়ান এই নারী পোশাক শ্রমিককে গাছের সাথে বেঁধে রেখেছেন।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh