কুমিল্লা-৫ আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন- এমন একটি দাবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব ফেসবুক পোস্টের সাথে পুরোনো ভিন্ন ঘটনার কিছু ছবি ব্যবহার করা হচ্ছে। এছাড়া মূলধারার কোনো সংবাদমাধ্যমে সাম্প্রতিক সময়ে হাসনাত আব্দুল্লাহর দুর্ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি। ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকেও হাসনাতকে সক্রিয় দেখা যাচ্ছে।
২৬ ফেব্রুয়ারি তারিখে প্রথমবারের মতো এই পোস্টে দেখা যায়। দ্য সোহান সিদ্দিকী তার পোস্টে লিখেন, ‘’হাসনাত আব্দুল্লা ভাই খুব অসুস্থ তার জন্য দোয়া করবেন’’ (বানান অপরিবর্তিত রাখা হয়েছে)
২৭ ফেব্রুয়ারি প্রকাশিত এই পোস্টে বলা হয়, ‘’গাড়ি অ্যাাক্সিডেন্ট করে হাসনাত আব্দুল্লাহ এখন কুমিল্লা হাসপাতালে’’।
তবে তিনি কবে, কখন, কোথায় দুর্ঘটনার শিকার হয়েছেন কিংবা তিনি কোন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সে তথ্য এসব পোস্ট জানানো হয়নি।
অনুসন্ধানে দেখা যাচ্ছে, জাতীয় নাগরিক পার্টির (NCP) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এর গাড়িবহর ২০২৪ সালে দুর্ঘটনার কবলে পড়েছিল। এসময় তার গাড়িবহরে থাকা অন্য একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও হাসনাত আব্দুল্লাহ অক্ষত ছিলেন।
২০২৫ সালে গাজীপুরে তার গাড়িতে সরাসরি হামলাও হয়েছিল। এতে তিনি সামান্য আহত হলেও হাসপাতালে ভর্তি হননি।
এছাড়া, ২০২৪ সালের আগস্টে আনসার সদস্যদের সাথে ছাত্রদের সংঘর্ষে হাসনাত আব্দুল্লাহ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এসব পুরোনো ঘটনার ছবিকে অনেক জায়গায় সাম্প্রতিক ছবি হিসেবে প্রচার করা হচ্ছে।
২০২৪ সালের ২৭ নভেম্বর চট্টগ্রাম থেকে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়ি বহরের একটি গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিল। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, তাদের বহরের একটি গাড়িকে কক্সবাজারগামী ট্রাক চাপা দেয়। এতে কেউ হতাহত হয়নি। তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে হাসনাত ওই গাড়িতে ছিলেন না এবং তিনি আহত হননি।
পরদিন অর্থাৎ ২০২৪ সালের ২৮ নভেম্বর কুমিল্লা থেকে ঢাকা ফেরার পথে হাসনাতদের বহনকারী গাড়িটিই পরপর দুবার দুর্ঘটনা কিংবা আক্রমণের শিকার হয়। চ্যানেল 24-কে হাসনাত জানান, প্রথম মাতুয়াইলে একটি ট্রাক তাদের বহনকারী গাড়িটিতে আঘাত করে পালিয়ে যায়, পরে গুলিস্তানে ফের একটি মিনি-ট্রাকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। তবে হাসনাত এতে শারীরিকভাবে আহত হননি।
এসময় বিভিন্ন গণমাধ্যমে তাদের বহনকারী গাড়িটির ছবি ছাপা হয়েছিল। এমন কিছু প্রতিবেদন দেখতে পাবেন এখানে, এখানে, এখানে।
এই গাড়ির ছবিটিই সাম্প্রতিককালে হাসনাতের দুর্ঘটনাকবলিত গাড়ি বলে শেয়ার করা হচ্ছে। (যেমন দেখুন এখানে, এখানে, এখানে)
এছাড়া ২০২৫ সালের ৪ মে গাজীপুরে যানজটে অজ্ঞাতনামা ব্যক্তিরা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে আক্রমণ করে। এসময় হাসনাত সামান্য আহত হলেও হাসপাতালে ভর্তি হতে হয়নি। মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এর বরাতে দৈনিক প্রথম আলোয় প্রকাশিত খবর থেকে জানা যায়, সালনার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন হাসনাত আবদুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় চার থেকে পাঁচটি মোটরসাইকেলে এসে তার গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় তিনি হাতে আঘাত পান এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়। দুর্বৃত্তদের হামলায় হাসনাতের গাড়ির গ্লাস ভেঙে গেলে হাসনাত আবদুল্লাহর কনুইয়ের কয়েক জায়গায় কেটে যায়। তবে এসময় তার হাসপাতালে ভর্তির কোনো খবর পাওয়া যায়নি।
২০২৪ সালের ২৬ আগস্ট আন্দোলনরত আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। এসময় তিনি ঢাকা মেডিকেল কলেজেও ভর্তি হয়েছিলেন। এ সময় হাসনাত আব্দুল্লাহকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। সেই সময়কার একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ের ভিডিও বলেও দাবি করা হচ্ছে।
এছাড়া, নীল রঙের চাঁদর জড়িয়ে হাসপাতালের বিছানায় শুয়ে থাকার অপর একটি ছবি সাম্প্রতিক সময়ের পোস্টগুলোতে ছড়িয়ে পড়ছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে, ছবিটি ২৬ আগস্ট,২০২৪ তারিখে গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। অর্থাৎ এটি আনসারদের আন্দোলনের সময়কার একই ঘটনার ছবি।
সাম্প্রতিক সময়ে হাসনাত আব্দুল্লাহর উপর এমন ধরনের কোনো হামলা বা দুর্ঘটনার খবর দেখা যাচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-৫ আসনে নির্বাচিত হয়েছেন। একজন নির্বাচিত সংসদ সদস্য দুর্ঘটনা কবলিত হয়ে হাসপাতালে ভর্তি হলে নিশ্চিতভাবেই গণমাধ্যমের আগ্রহ থাকতো এই ঘটনায়। কিন্তু কোনো গণমাধ্যমে এমন কোনো ঘটনার উল্লেখ দেখা যাচ্ছে না।
এছাড়া নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে হাসনাত আব্দুল্লাহকে সামাজিক মাধ্যমে সক্রিয় দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে এই আইডি থেকে তিনি ‘লাইভ’ ও করেছেন। এসব কার্যক্রমে এবং ভিডিওতে তাকে সুস্থ দেখা যাচ্ছে।
সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই সকল ভিত্তিহীন পোস্টকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।
Claim: কুমিল্লা-৫ আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন- এমন একটি দাবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব ফেসবুক পোস্টের সাথে পুরোনো ভিন্ন ঘটনার কিছু ছবি ব্যবহার করা হচ্ছে।
Claimed By: %post_author%
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh