স্কুল ড্রেস পরা একটি মেয়ে এক ব্যক্তিকে মারধর করছেন, এ ধরনের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে দাবি করা হচ্ছে, দিল্লির আন্দোলনে এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা, অভিযুক্ত সেনাসদস্যকে ধোলাই দিল শিক্ষার্থীরা। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি দিল্লির সাম্প্রতিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কোনো ঘটনা নয়। ঘটনাটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীতে একটি স্কুলে একজন এনসিসি অফিসারকে যৌন হয়রানির অভিযোগে মারধরের।
ভিডিওটির কয়েকটি কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে ইনস্টাগ্রামে একটি পোস্ট পাওয়া যায়। এ বছরের ২৩ জুলাই আপলোড করা এই পোস্টে বলা হয়েছে, “উত্তরাকাশীর একটি সরকারি স্কুলের একজন ছাত্রী এক শিক্ষক ও এক এনসিসি (National Cadet Corps) কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো (POCSO) আইনের সংশ্লিষ্ট ধারায় একটি এফআইআর দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ অভিযোগগুলো খতিয়ে দেখছে এবং তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” এই পোস্টের ভিডিওর সঙ্গে আলোচ্য ভিডিওটির মিল রয়েছে।
এই পোস্টের ক্যাপশনের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন পাওয়া যায়। ২৩ জুলাই প্রকাশিত এই প্রতিবেদন থেকে জানা যায়, “ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের মানেরি এলাকার একটি সরকারি স্কুলে। গত ২১ জুলাই এনসিসি প্রশিক্ষণ চলাকালীন অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে বলেন যে এনসিসি অফিসার তার সঙ্গে দেখা করতে চেয়েছেন। এরপর শিক্ষক তাকে ওই কর্মকর্তার অফিসে নিয়ে যান, যেখানে তারা দুজন মিলে তাকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ।” এই প্রতিবেদন থেকে আরও জানা যায়, ১৬ বছর বয়সী ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে স্কুলের শিক্ষক এবং ওই এনসিসি (NCC) কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছে পুলিশ।
উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে সম্প্রতি ভারতে যে আন্দোলন হয়েছে, সেখানে আন্দোলনকারীদের ওপরে পুলিশের হামলার খবর পাওয়া গেলেও সেনাবাহিনীর হামলার কোনো খবর পাওয়া যায়নি।
কাজেই আলোচিত ভিডিওটি দিল্লি আন্দোলনে সেনাসদস্যের যৌন হয়রানির প্রতিবাদে আন্দোলনকারীদের হামলার নয়। ফলে সঙ্গত কারণে এ ধরনের ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: স্কুল ড্রেস পরা একটি মেয়ে এক ব্যক্তিকে মারধর করছেন, এ ধরনের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে দাবি করা হচ্ছে, দিল্লির আন্দোলনে এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা, অভিযুক্ত সেনাসদস্যকে ধোলাই দিল শিক্ষার্থীরা।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh