ভূমিকম্পে ধসে পড়া ভবন দাবিতে ছড়াচ্ছে এআই নির্মিত ছবি 

219
ভূমিকম্পে ধসে পড়া ভবন দাবিতে ছড়াচ্ছে এআই নির্মিত ছবি 
ভূমিকম্পে ধসে পড়া ভবন দাবিতে ছড়াচ্ছে এআই নির্মিত ছবি 

২১ নভেম্বর ভূমিকম্পের প্রভাবে ঢাকায় একটি ৮ তলা ভবন ধসে পড়েছে- এমন দাবিতে একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। ভূমিকম্পের প্রভাবে ঢাকায় কয়েকটি ভবন হেলে পড়েছে, তবে ৮ তলা ভবন পুরো ধসে পড়ার কোনো খবর কোনো গণমাধ্যমে দেখা যাচ্ছেনা। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এই ছবিযুক্ত পোস্টগুলোকে বিকৃত সাব্যস্ত করছে।

গুজবের উৎস

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখতে পাবেন এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে

এসব পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, ‘ঢাকায় ভূমিকম্প ধসে পড়েছে একটা  ৮ তালা অবশিষ্ট বিল্ডিং’ (বানান অবিকৃত রাখা হয়েছে) 

অনুসন্ধান

২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকা সহ সারাদেশে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার অদূরে নরসিংদী। এই ভূমিকম্পে  পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের পাশের দেয়াল ধসে এক নবজাতক শিশু নিহত হয়েছে। অন্যদিকে বেশ কিছু ভবনের পলেস্তারা খসে পড়া বা হেলে পড়ার খবর পাওয়া যাচ্ছে। তবে আংশিক বা সম্পূর্ণ ভবন ধসের কোনো খবর কোনো গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত খুঁজে পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে, আজ ২১ নভেম্বর সকাল ৯.০০ টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, এবং দুপুর ১২.০০ টায় তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। অথচ, ফেসবুকে ছড়িয়ে পড়া আলোচ্য ছবিতে দেখা যাচ্ছে, আংশিক ধ্বসে পড়া ভবনের সামনে ভারী শীতের পোশাক পরে বেশ কয়েকজন দর্শনার্থী দাঁড়িয়ে রয়েছেন, যা আজকের ঢাকার তাপমাত্রার সাথে মানানসই নয়।  

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে এই ধসে পড়া ভবনের মূল উৎস খোঁজার চেষ্টা করলে দেখা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের লাফায়েট ভবন (Lafayette Building) এর সাথে এই ধসে পড়া ভবনের কিছুটা সাদৃশ্য রয়েছে। উক্ত লাফায়েট ভবন ২০১০ সালে ভেঙে ফেলা হয়েছিল। তবে ভালভাবে লক্ষ্য করলে বেশ কিছু পার্থক্য দেখা যায়। যেমন লাফায়েত ভবন ছিল ১৪ তলা (বেজমেন্ট ১ তলা এবং মাটির উপরে ১৩ তলা)। কিন্তু আলোচ্য ছবিতে মাটির উপরে ভবনটির ১১ তলা দেখা যাচ্ছে।

এছাড়া, ডেট্রয়েট এর লাফায়েট ভবনের আশেপাশে আরো অনেক সুউচ্চ অট্টালিকা ছিল, তবে আলোচ্য ছবিতে আশেপাশে ফাঁকা বা নিচু ভবন দেখা যাচ্ছে। অর্থাৎ, আলোচ্য ছবিটি ডেট্রয়েট এর লাফায়েট ভবন ভাঙার দৃশ্য নয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা ছবি সনাক্তের কয়েকটি ওয়েবসাইটের সাহায্যে এই ছবি সনাক্ত করার চেষ্টা করা হল। একাধিক ওয়েবসাইটের বিশ্লেষণ অনুযায়ী, এই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Inteligence বা AI) দিয়ে নির্মিত। যেমন –হাইভ মডারেশন, ওয়াজ ইট এআই,আন্ডিটেক্টেবল এআই ইত্যাদি ওয়েবসাইট থেকে এই ফলাফল পাওয়া যাচ্ছে। 

অর্থাৎ, এটা নিশ্চিত যে ফেসবুকে ছড়িয়ে পড়া ভবন ধসের ছবিটি আজ (২১ নভেম্বর, ২০২৫) ঢাকার কোনো চিত্র নয়, বরং এটি এ আই নির্মিত ছবি।

সার্বিক বিবেচনায়, ফেসবুকে ছড়িয়ে পড়া এই ছবিগুলোকে ফ্যাক্টওয়াচ ‘বিকৃত’ হিসেবে সাব্যস্ত করছে।

Claim:
২১ নভেম্বর ভূমিকম্পের প্রভাবে ঢাকায় একটি ৮ তলা ভবন ধসে পড়েছে- এমন দাবিতে একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

Claimed By:
Facebook Users

Rating:
Mostly false

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh