ভারতের সেনাবাহিনীর মেজর জেনারেল 'সিএস মান (CS Mann)', 'অখণ্ড ভারত' নিয়ে কথা বলছেন, এ ধরনের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে শেয়ার করা হচ্ছে। ক্যাপশনে বলা হচ্ছে, ‘‘বাংলাদেশকে দখল করার জন্য ইসরায়েলকে সাহায্য করছে ভারত। ইরানের পতন হলেই তারা বাংলাদেশসহ আশেপাশের দেশগুলো দখল করে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে।" তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি বাস্তব নয়, এআই ব্যবহার করে বানানো।
ভিডিওটিতে সিএস মান’কে ইংরেজিতে বলতে শোনা যায়, ‘‘আমরা ভারতের মানুষকে আশ্বস্ত করতে চাই, সন্ত্রাসী ইরানি শাসনের অবসান ঘটাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পূর্ণ সহযোগিতা করছে ভারত। ইসরায়েলের চূড়ান্ত লক্ষ্য যেমন ‘বৃহত্তর ইসরায়েল’, তেমনি আমাদের চূড়ান্ত লক্ষ্য ‘অখণ্ড ভারত’। যদি ইসরায়েল ইরানকে পরাজিত করতে পারে, তাহলে পাকিস্তানকে তিন দিক থেকে নিয়ন্ত্রণ করা যাবে। পূর্ব দিক থেকে ভারত এবং অন্য দিকগুলো থেকে আফগান ও ইসরায়েলপন্থী ইরান। এটাই অখণ্ড ভারত পুনরুদ্ধারের পথ। বাংলাদেশ ও নেপাল থেকে আসা হুমকির বিষয়টি পরে মোকাবিলা করা হবে।’’
ভিডিওটির কয়েকটি কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে পিটিআই (Press Trust of India) নিউজের একটি এক্স পোস্ট পাওয়া যায়। ২০২৫ সালের ৪ জুলাই আপলোড করা ভিডিওতে সিএস মানকে কথা বলতে দেখা যায়। এই প্রতিবেদনের শিরোনাম- “আর্মি ডিজাইন ব্যুরোর (Army Design Bureau) এডিজি মেজর জেনারেল সিএস মান বলেন, কোনো সামরিক উপকরণে চীনা যন্ত্রাংশ ব্যবহার করা হবে না। বিশেষ করে ড্রোন সিস্টেমে দুর্বলতা দূর করতে আমরা কঠোর যাচাই-বাছাই ও প্রোটোকল অনুসরণ করছি।” এই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।
VIDEO | Delhi: Army Design Bureau’s ADG Major General CS Mann says, “No Chinese parts will be used in any military components… We are keeping stringent checks and protocols to eliminate vulnerabilities, especially in drone systems.” pic.twitter.com/Y0Sj7m3D0m
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ভারতের সংবাদমাধ্যমের একাধিকপ্রতিবেদন পাওয়া যায়। এসব প্রতিবেদনে সিএস মানের কথা বলার ধরন, পোশাক ও চেয়ারের রঙসহ আনুষাঙ্গিক সব কিছুর সঙ্গেই আলোচ্য ভিডিওর মিল রয়েছে।
আরও অনুসন্ধানে ভারতের ‘প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)’র একটি ফ্যাক্টচেক প্রতিবেদন পাওয়া যায়, যেখানে বলা হয়েছে, প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিমভাবে ভিডিওটি বানানো হয়েছে।
এছাড়া এ আই শনাক্তকারী টুল হাইভ মডারেশন ব্যবহার করে ‘এআই জেনারেটেড স্পিচ’ এর সম্ভাবনা পাওয়া যায়। অর্থাৎ অখণ্ড ভারত সংক্রান্ত সিএস মানের বক্তব্যটি অন্য ভিডিওতে বসিয়ে কৃত্রিমভাবে বানানো হয়েছে।
কাজেই আলোচ্য ভিডিওটি বাস্তব নয়, এআই ব্যবহার করে বানানো। সঙ্গত কারণে, এ ধরনের ফেসবুক পোস্টগুলোকে বিকৃত সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: বাংলাদেশকে দখল করার জন্য ইসরায়েলকে সাহায্য করছে ভারত। ইরানের পতন হলেই তারা বাংলাদেশসহ আশেপাশের দেশগুলো দখল করে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh