সম্প্রতি চোখে কালো সানগ্লাস পরা এক তরুণ কাগজে কিছু লেখা পড়ে সমাবেশে বক্তব্য দিচ্ছেন, এ ধরনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, প্রতিহিংসার রাজনীতি আমার দুটো চোখ কেড়ে নিয়েছে। ক্যাপশনে বলা হচ্ছে, সে যদি অন্ধ হয় তাহলে কাগজ দেখে কী পড়ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)'র পদযাত্রায় হামলার ঘটনায় এক চোখ হারানো আলিফকে ইঙ্গিত করা ভিডিওটি এডিট করে বানানো হয়েছে।
গত ১২ সেপ্টেম্বর এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির ১ম কাউন্সিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে এসেছিলেন হবিগঞ্জের আলিফ। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সেখানে বক্তব্য দেওয়ার সময় আলিফকে সঙ্গে রাখেন। আলোচ্য ভিডিওটি সেই অনুষ্ঠানে আলিফের উপস্থিতির আদলের সঙ্গে মেলে। ঐ অনুষ্ঠানে আলিফ বক্তব্য রাখেন।
অন্যদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারী পাশে দাঁড়ানোর সময়ে এবং বক্তব্য দেওয়ার সময়ে আলিফের গলার ফিতায় ‘জাতীয় ছাত্রশক্তি’ লেখা দেখা যায়। কিন্তু ফেসবুকে ছড়ানো ভিডিওতে দেখা যায় আইডির ফিতায় লেখা রয়েছে ‘জাতীয় ছাত্রদল’। এছাড়া মূল বক্তব্যে আলিফের কণ্ঠস্বরের সঙ্গে আলোচ্য ভিডিওতে কণ্ঠস্বরের মিল নেই। এ ধরনের বিচ্যুতি সাধারণত এআই নির্মিত ভিডিওর ক্ষেত্রে দেখা যায়। অর্থাৎ ফেসবুকে ছড়ানো ভিডিওতে আলিফের বক্তব্য এবং আইডির ফিতার লেখা অংশটি প্রযুক্তির সহায়তায় এডিট করা হয়েছে।
বামে আসলে ছবি ডানে এডিটেড ছবি
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ‘ফেস দ্য পিপল’র একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। গত ৩০ জুলাইয়ের এই প্রতিবেদনে দেখা যায়, এক চোখে ব্যান্ডেজ বাঁধা আলিফকে হাসপাতালে দেখে গেছেন এনসিপি নেতা কর্মীরা। প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে- এক চোখ হারিয়েও হার মানেনি আলিফ। বলেছেন, ‘আপনারা পাশে থাকলে সাহস হারাবো না’।
আরও অনুসন্ধানে ৩১ জুলাই প্রকাশিত ঢাকা মেইলের একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে বলা হয়েছে, হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় গুরুতর আহত ও একটি চোখ হারানো কিশোর আলিফকে দেখতে গিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
কাজেই আলিফ দুই চোখ হারাননি, এক চোখ হারিয়েছেন।
সঙ্গত কারণে এ ধরনের ফেসবুক পোস্টগুলোকে ‘মিথ্যা’ চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: সম্প্রতি চোখে কালো সানগ্লাস পরা এক তরুণ কাগজে কিছু লেখা পড়ে সমাবেশে বক্তব্য দিচ্ছেন, এ ধরনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, প্রতিহিংসার রাজনীতি আমার দুটো চোখ কেড়ে নিয়েছে। ক্যাপশনে বলা হচ্ছে, সে যদি অন্ধ হয় তাহলে কাগজ দেখে কী পড়ছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh