সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অ্যাক্টিভিস্ট ও মডেল ফারজানা সিঁথির নাচের দাবিতে ১৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওতে থাকা নারী ফারজানা সিঁথি নন। ‘তনয়া দেশাই (Tanya Desai)’ নামে একজন ভারতীয় অভিনেত্রীর ভিডিও বিকৃত করে তাতে ফারজানা সিঁথির চেহারা বসিয়ে দেওয়া হয়েছে।
ভিডিওটি থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ইনস্টাগ্রামে ‘তনয়া দেশাই (Tanya Desai)’ নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট পাওয়া যায়। এতে ২০২৪ সালের ২২ ডিসেম্বর ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে থাকা নারীর পোশাক, নাচের অঙ্গভঙ্গির সঙ্গে ফারজানা সিঁথির নাচের দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। তবে উভয় ভিডিওটিতে নারীর চেহারায় ভিন্নতা রয়েছে।
পরে ‘তনয়া দেশাই (Tanya Desai)’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ঘুরে একই পোশাক পরিহিত আরও কিছু ছবি ও ভিডিও পাওয়া যায়।
ফারজানা সিঁথির নাচের দাবিতে প্রচারিত ভিডিও (বামে), মূল ভিডিও (ডানে)
এসব ভিডিও ও ছবি থেকে নিশ্চিত হওয়া যায়, ফারজানা সিঁথির নাচের দাবিতে প্রচারিত ভিডিওটি তনয়া দেশাইয়ের। তার ভিডিওটিতে প্রযুক্তির সহায়তায় ফারজানা সিঁথির চেহারা বসিয়ে দেওয়া হয়েছে।
ফ্যাক্টওয়াচ তাই ফারজানা সিঁথির নাচের দাবিতে ছড়ানো ভিডিওটিকে বিকৃত হিসেবে সাব্যস্ত করছে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার এক অভ্যুত্থানে পতন হয় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। এই অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিলেন অনেক নারী অ্যাক্টিভিস্ট। ৫ আগস্ট পরবর্তী সময়ে এই নারী অ্যাক্টিভিস্ট বা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পরিবারের নারীদের নিয়ে জেন্ডারভিত্তিক গুজব, এডিটেড বা বিকৃত ছবি ও ভিডিও প্রচার হতে দেখা যায়। ফারজানা সিঁথির নাচের দাবিতে ছড়ানো ভিডিওটি এরই ধারাবাহিকতা।
Claim: সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অ্যাক্টিভিস্ট ও মডেল ফারজানা সিঁথির নাচের দাবিতে ১৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়েছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh