সম্প্রতি ফেসবুকে ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ধমক দিচ্ছেন। ফ্যাক্টওয়াচের পর্যালোচনায় দেখা যাচ্ছে, আমির খসরু যাকে ধমকাচ্ছেন তিনি আসিফ নজরুল নন।
ধমক খাওয়া ব্যক্তিকে আসিফ নজরুল দাবি করা এ ধরণের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে, এখানে।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ক্যামেরার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে রাগান্বিত হয়ে ধমকাচ্ছেন চেয়ারের বসে থাকা আমির খসরু। দাঁড়িয়ে থাকা ব্যক্তির মুখ দেখা যায় না। ভিডিওটি একটি হল রুমের, যেখানে এই দুজন ছাড়া আরও অনেকে রয়েছেন। হল রুমের পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হয়, সেখানে কোনো অনুষ্ঠান উপলক্ষে অনেকে জমায়েত হয়েছেন।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
ভিডিওটির বিভিন্ন কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে ইউটিউবে নিউজ বরিশাল (News Barisal) এর একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরী কেন মেজাজ হারালেন আকন কুদ্দুসের উপর।
পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে গত ৩১ আগস্ট প্রকাশিত দৈনিক ইনকিলাবের একটি প্রতিবেদন পাওয়া যায়।এই প্রতিবেদনে ঘটনাটির বিস্তারিত বিবরণে বলা হয়েছে, বরিশাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত “বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের মতবিনিময় সভা ২০২৫”-এ ঘটেছে এই ঘটনা। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান প্রকাশ্যে দুর্ব্যবহার করেন। প্রতিবেদনটিতে বলা হয়, “সভায় আকন কুদ্দুস ক্ষুব্ধ হয়ে প্রশ্ন তোলেন, “এখানে প্রোগ্রাম হচ্ছে, আমাকে কেন দাওয়াত দেওয়া হয়নি?” এর জবাবে আমির খসরু সোজাসাপ্টা জানান, এটি কোনো রাজনৈতিক আয়োজন নয় বরং ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগে আয়োজিত সভা। তবে এই ব্যাখ্যা শুনেও ক্ষান্ত হননি কুদ্দুস আকন।” এই প্রতিবেদনের সঙ্গে ওই সভাস্থলের ছবি রয়েছে, যেটি আলোচিত ভিডিওর অংশ বলেই প্রতীয়মান হয়।
আরও অনুসন্ধানে বরিশাল ক্রাইম নিউজের একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে বলা হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সামনেই দলটির স্থানীয় দুটি পক্ষের মধ্যে হাতাহাতি হয়। আমীর খসরু এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। শুক্রবার (৩০ আগস্ট, ২০২৫) সন্ধ্যায় নগরের শিল্পকলা একাডেমিতে সভা চলাকালে এ ঘটনা ঘটে।
এছাড়া, বরিশালের ঐ সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপস্থিত থাকার কোনো খবর গণমাধ্যম সূত্রে পাওয়া যায় না।
ফলে, স্থানীয় এবং মূলধারার সংবাদ পর্যালোচনা করে এটাই প্রতীয়মান হয় যে, ঐ সভায় আসিফ নজরুল উপস্থিত ছিলেন না। উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে আমির খসরু এবং আকন কুদ্দুসুর রহমানের মধ্যে। সঙ্গত কারণে, ‘আমির খসরু আসিফ নজরুলকে ধমকাচ্ছেন’- এই দাবিযুক্ত পোস্টগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: সম্প্রতি ফেসবুকে ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ধমক দিচ্ছেন।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh