পানিসম্পদমন্ত্রী দুর্গাদেবীকে নিয়ে বক্তব্যটি মসজিদে নয়, পূজামণ্ডপে দিয়েছেন 

46
পানিসম্পদমন্ত্রী দুর্গাদেবীকে নিয়ে বক্তব্যটি মসজিদে নয়, পূজামণ্ডপে দিয়েছেন 
পানিসম্পদমন্ত্রী দুর্গাদেবীকে নিয়ে বক্তব্যটি মসজিদে নয়, পূজামণ্ডপে দিয়েছেন 

সম্প্রতি ফেসবুকে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বক্তব্য সম্বলিত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, তিনি সাদা পাজামা, পাঞ্জাবী ও টুপি পরে, মসজিদের মিম্বর-সদৃশ একটি চেয়ারে বসে বলছেন, "একটা সমাজে যখন অন্যায় অপকর্ম, অসুর এ সমস্ত অপকর্মের নেতৃত্ব দিচ্ছিল, তখন এটাকে দমন করার জন্য আপনাদের দুর্গাদেবী এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন। এবং সেখানেই শুভ শক্তির বিজয় সাধিত হয়েছে।" ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে আলোচ্য ভিডিওটির ক্যাপশনে বলা হচ্ছে, তিনি মসজিদে এই বক্তব্য দিয়েছেন। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, তিনি এই বক্তব্য দিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের চৌপল্লী বারাহী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে। অর্থাৎ পূজা মণ্ডপে দেওয়া বক্তব্যের অডিও অংশ, মসজিদের ভিডিওর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।

এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে। 

অনুসন্ধানে  ‘ডেইলি লক্ষ্মীপুর ডট কম’ নামের ফেসবুক পেজে একটি পোস্ট পাওয়া যায়। ২০ অক্টোবর আপলোড করা এই পোস্টে দেখা যায়, ভিন্ন একটি আবহে একই কথাগুলো বলছেন তিনি। ভিডিওতে দেখা যায় তিনি একটি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এই কথাগুলো বলেছেন। 

এই পোস্টে দেখা যায়, তিনি লক্ষ্মীপুরের হিন্দু জনগোষ্ঠীর উদ্দেশ্যে তাকে নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছেন। পরে তিনি আলোচ্য কথাগুলো বলেন।   

আরও অনুসন্ধানে পূজা মণ্ডপের পরিবেশে মন্ত্রীর বক্তব্যটি পাওয়া যায় বেশ কিছু ফেসবুক পোস্টে। তেমন কিছু পোস্ট দেখুন, এখানে, এখানে, এখানে। 

মন্ত্রীর অফিসিয়াল ফেসবুকে পেজের একটি পোস্টে  ১৯ অক্টোবর কয়েকটি ছবি আপলোড দিয়ে ক্যাপশনে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের চৌপল্লী বারাহী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ। এই ছবিগুলোর সঙ্গে আলোচ্য বক্তব্য দেওয়ার ভিডিওর মিল রয়েছে। 

এই পেজেই লক্ষ্মীপুরে অন্যান্য পূজামণ্ডপে মন্ত্রীর পরিদর্শনের ছবি রয়েছে। 

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে আজকের পত্রিকার একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৯ অক্টোবর লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজারের মালিবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন পানিসম্পদমন্ত্রী। 

অর্থাৎ ১৯ অক্টোবর লক্ষ্মীপুরের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। 

অন্যদিকে, মসজিদে মন্ত্রীর বক্তব্যের ভিডিওটি পাওয়া যায়। সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দেওয়া এই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে,  শুক্রবার দক্ষিণ মান্দারী  হাসপাতাল জামে মসজিদে মাননীয় পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পবিত্র জুমার নামাজ আদায় করেন। পরে এক লক্ষ টাকা অনুদান দেন।

অর্থাৎ, মসজিদের ভিডিওতে পূজামন্ডপে দেওয়া বক্তব্যটি প্রযুক্তির সহায়তায় জুড়ে দেওয়া হয়েছে।

ফলে সঙ্গত কারণে এ ধরনের ফেসবুক পোস্টগুলোকে বিকৃত সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ। 

Claim:
সম্প্রতি ফেসবুকে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বক্তব্য সম্বলিত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, তিনি সাদা পাজামা, পাঞ্জাবী ও টুপি পরে, মসজিদের মিম্বর-সদৃশ একটি চেয়ারে বসে বলছেন, "একটা সমাজে যখন অন্যায় অপকর্ম, অসুর এ সমস্ত অপকর্মের নেতৃত্ব দিচ্ছিল, তখন এটাকে দমন করার জন্য আপনাদের দুর্গাদেবী এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন। এবং সেখানেই শুভ শক্তির বিজয় সাধিত হয়েছে।" ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে আলোচ্য ভিডিওটির ক্যাপশনে বলা হচ্ছে, তিনি মসজিদে এই বক্তব্য দিয়েছেন।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh