সেনাপ্রধানকে জড়িয়ে এখন টিভির নামে ভুয়া ফটোকার্ড 

111
সেনাপ্রধানকে জড়িয়ে এখন টিভির নামে ভুয়া ফটোকার্ড 
সেনাপ্রধানকে জড়িয়ে এখন টিভির নামে ভুয়া ফটোকার্ড 

ফেসবুকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের বক্তব্য দাবিতে এখন টিভির নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, সেনাপ্রধান বলেছেন, 'আপনারা ভোট দিয়ে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের সংসদে পাঠাবেন-আর তারপর আমাদের কাছে নিরাপত্তা চাইবেন? এটা কেমন কথা?' ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এখন টিভির নাম ও লোগোযুক্ত এই ফটোকার্ডটি ভুয়া। সংবাদমাধ্যমটি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। 

ফেসবুকে এই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

কথিত এই ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চে এখন টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) দেওয়া একটি পোস্ট পাওয়া যায়। এই পোস্টের সঙ্গে যুক্ত ফটোকার্ডের সঙ্গে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ভোট দেওয়া প্রসঙ্গে সেনাপ্রধানের বক্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ডটির মিল রয়েছে। দুটি ফটোকার্ডই প্রকাশের তারিখ ১ ফেব্রুয়ারি, কার্ডে ব্যবহৃত সেনাপ্রধানের ছবিও এক। 

সেনাপ্রধানকে জড়িয়ে এখন টিভির নামে  ভুয়া ফটোকার্ড (বামে), আসল ফটোকার্ড (ডানে)

তবে এই ফটোকার্ডটির শিরোনাম, ‘খেলাধুলার সঙ্গে জড়িত কোনো খেলোয়াড়কে কখনো খারাপ কাজে দেখিনি- সেনাপ্রধান।’  

এই ফটোকার্ডের সঙ্গে যুক্ত প্রতিবেদন থেকে জানা যায়, তিনি গতকাল (রোববার, ১ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে প্রায় ১৭৩ একর জমিতে অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন।

প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, রোববার সকাল ১০টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে বিভাগীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা করেন সেনা প্রধান। মতবিনিময়কালে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। 

এ সময় সেনাবাহিনী প্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। তবে প্রতিবেদনটিতে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ভোট দেওয়া প্রসঙ্গে সেনাপ্রধানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এখন টিভির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।  এ ছাড়া চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ভোট দেওয়া প্রসঙ্গে সেনাপ্রধানের বক্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের সঙ্গে এখন টিভির ব্যবহৃত ফন্টেরও পার্থক্য দেখা যায়।    

ফলে এটি নিশ্চিত হওয়া যায়, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ভোট দেওয়া প্রসঙ্গে সেনাপ্রধানের বক্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভিন্ন আরেকটি ফটোকার্ড এডিট করে তৈরি। তাই ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে। 


Claim:
ফেসবুকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের বক্তব্য দাবিতে এখন টিভির নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, সেনাপ্রধান বলেছেন, 'আপনারা ভোট দিয়ে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের সংসদে পাঠাবেন-আর তারপর আমাদের কাছে নিরাপত্তা চাইবেন? এটা কেমন কথা?'।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh