আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য ভারতের মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের প্রচারণা দাবিতে মোটরসাইকেলের একটি র্যালির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে। ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হচ্ছে এটা এই নির্বাচনে মহারাষ্ট্রের আকোলা পশ্চিম আসনে কংগ্রেস নেতা সাজিদ খান মান্নান খানের মোটরসাইকেল র্যালির ভিডিও। সেখানে ভারতীয় পতাকা বাদ দিয়ে 'ফিলিস্তিন, ইরান, ইরাক, আইএসআইএস, হিজবুল্লাহ'-এর পতাকা প্রদর্শন করা হয়েছিল। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, আলোচিত ভিডিওটি কংগ্রেস নেতা সাজিদ খান মান্নান খানের আকোলা পশ্চিমে নির্বাচনের নির্বাচনী প্রচারের নয় বরং, গত সেপ্টেম্বরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহারাষ্ট্রের লাতুরে অনুষ্ঠিত মোটরসাইকেল র্যালির। সেখানে ভারতীয় পতাকার পাশাপাশি আরবি অক্ষরে লেখা পতাকা ও ফিলিস্তিনি পতাকা ওড়াতে দেখা যায়। সেখানে আইএসআইএস এবং হিজবুল্লাহর কোনো পতাকা প্রদর্শিত হয় নি। সুতরাং, ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল পোষ্টগুলো মিথ্যা।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির উৎস খুঁজে পাওয়ার জন্য শুরুতেই এর বিভিন্ন অংশ ব্যবহার করে রিভার্স ইমেজ অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে SN GM STAR নামের একটি ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয় ভিডিওটি ভারতের মহারাষ্ট্রের।
ইরাক, ইরান এবং ভারত এই তিন দেশের পতাকার ডিজাইন কাছাকাছি। ভাইরাল ভিডিওটি কিছুটা ঝাপসা হওয়ার কারণে ভারতের সাথে বাকি দুই দেশের পতাকার পার্থক্য সনাক্ত করা কঠিন। এই তিন দেশের পতাকার নমুনা নিচে তুলে ধরা হল:
এরপরে, কিছু স্থানে ফিলিস্তিনি পতাকা দেখতে পাওয়া গেলেও আইএস এবং হিজবুল্লাহর পতাকার সাথে ভাইরাল ভিডিওতে থাকা কোনো পতাকার মিল খুঁজে পাওয়া যায়নি। এইসব পতাকাগুলোকে ইসলামি পতাকা হিসেবে বিবেচনা করা যায়।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে লাতুর নিউজ নামের মহারাষ্ট্রের স্থানীয় ইউটিউব নিউজ চ্যানেলে ১৯ সেপ্টেম্বর ২০২৪ এ আপলোড করা একটি ভিডিওতে খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বর্ণনায় স্পষ্ট করা হয়েছে যে এটা মহারাষ্ট্রের লাতুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত মোটরসাইকেল র্যালির দৃশ্য। এই ভিডিওটি ভাইরাল ভিডিওটির অনুরূপ না হলে এদের মধ্যে বেশ কিছু মিল খুঁজে পাওয়া যায়। যেমনঃ ভারতীয় পতাকা বহনকারী ব্যক্তি, রাস্তার পাশের সাইনবোর্ড এবং একটি টেলিফোন টাওয়ার।
এরপরে , ভিডিওতে থাকা দোকানের একটি সাইনবোর্ড দেখে গুগল ম্যাপে জায়গাটি জিওলোকেট করেছে ফ্যাক্টওয়াচ টিম। যার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে জায়গাটি মহারাষ্ট্রের লাতুরের মহাত্মা গান্ধী চক। কিন্তু, কংগ্রেস নেতা সাজিদ খান মান্নান খানের নির্বাচনি আসন হচ্ছে আকোলা পশ্চিম। গুগল ম্যাপ অনুযায়ী এই দুই জায়গার দূরত্ব প্রায় ৩৪৭ কিলোমিটার।
উল্লেখ্য, লাতুর জেলায় দুইটি নির্বাচনি আসন রয়েছে। একটি হচ্ছে লাতুরের গ্রাম এবং অন্যটি শহর। ভাইরাল ভিডিওটি হচ্ছে ‘লাতুর শহর’ আসন। সেখান থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন অর্চনা পাতিল চাকুরকার (Arhchana Patil Chakurkar) এবং কংগ্রেস প্রার্থী হচ্ছেন অমিত বিলাসরাও দেশমুখ (Amit Vilasrao Deshmukh)।
অর্থাৎ, উপরে উল্লেখিত আলোচনার ভিত্তিতে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, ভাইরাল ভিডিওতে দেখানো র্যালিটি মহারাষ্ট্রের আকোলা পশ্চিম নির্বাচনি এলাকার কংগ্রেসের নির্বাচনি প্রচারণার নয়। র্যালিতে ভারতের পতাকাও বাদ দেয়া হয়নি। ঈদে মিলাদুন্নবি উপলক্ষে র্যালিটি বের করা হয়েছিল বলে সেখানে ভারতের পতাকার পাশাপাশি ইসলামি পতাকা ব্যবহার করা হয়েছিল।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ভাইরাল ভিডিওর ক্যাপশনকে মিথ্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh