সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্টের মাধ্যমে দাবি করা হচ্ছে যে, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ধর্ষণ রোধে নতুন এক আইন জারি করেছেন। দাবি অনুযায়ী, নেপালে এখন থেকে ধর্ষক শনাক্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, নেপালের বর্তমান প্রধানমন্ত্রী এমন কোনো আইন চালু করেনি। নেপালের বর্তমান সংবিধান অনুযায়ী দেশটিতে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো আইনি বিধান নেই।
ভাইরাল হওয়া দাবিটির সত্যতা যাচাই করতে নেপালের বর্তমান সংবিধান পর্যালোচনা করা হয়। নেপালের সংবিধানের ৩য় অংশের ১৬ নং অনুচ্ছেদে (Right to Live with Dignity) উল্লেখ করা হয়েছে: “No law shall be made providing for the death penalty to any one.” অর্থাৎ, নেপালের কোনো নাগরিকের বিরুদ্ধেই মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার মতো কোনো আইন প্রণয়ন করা যাবে না। অর্থাৎ, সাংবিধানিকভাবেই দেশটিতে এখনও মৃত্যুদণ্ড নিষিদ্ধ।
মূলত নেপালে বর্তমানে সাংবিধানিক সংস্কারের প্রক্রিয়া চলছে। নেপালি সংবাদমাধ্যম Ratopati-এর প্রতিবেদন অনুযায়ী, সংবিধান সংশোধনের লক্ষ্যে আজ (৬ মে, ২০২৬) কাঠমান্ডুর প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের রাজনৈতিক উপদেষ্টা অসীম শাহের আহ্বানে আয়োজিত এই বৈঠকে সাবেক অ্যাটর্নি জেনারেল এবং বিশেষজ্ঞরা অংশ নেবেন। এখানে মূলত বিভিন্ন আইনি ও কাঠামোগত সংস্কার নিয়ে আলোচনা হবে। ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে কোনো চূড়ান্ত আইন পাসের তথ্য এখনও পাওয়া যায়নি।
উল্লেখ্য, নেপালের আইনমন্ত্রী সবিতা গৌতম (Sobita Gautam) তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে দেশটির বিচার ব্যবস্থার কিছু সংস্কারের পরিকল্পনা প্রকাশ করেছিলেন। চলতি বছরের ২৯ মার্চ প্রকাশিত সেই পোস্টে তিনি ধর্ষণ, যৌন সহিংসতা এবং শিশুদের বিরুদ্ধে হওয়া অপরাধের বিচার প্রক্রিয়া আরও জোরালো করতে একটি বিশেষ ‘স্টাডি টাস্কফোর্স’ গঠনের কথা জানান। তার মূল লক্ষ্য হলো অপরাধীদের দ্রুত এবং অপরাধের সাথে সংগতিপূর্ণ কঠোর শাস্তি নিশ্চিত করা। তবে তার এই বক্তব্যে কোথাও “২৪ ঘণ্টার মধ্যে ফাঁসি” বা নতুন করে “মৃত্যুদণ্ডের আইন” চালুর কথা উল্লেখ করা হয়নি। তিনি মূলত বর্তমান বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
দেখা যাচ্ছে যে, নেপালের সংবিধানে মৃত্যুদণ্ড নিষিদ্ধ এবং বর্তমানেও এমন কোনো নতুন আইন তৈরি করা হয়নি। তাই সবকিছু বিবেচনা করে এই পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করেছে।
Claim: ধর্ষণ কমানোর জন্য নেপালের প্রধানমন্ত্রী ভালেন্দ্র শাহ, ধর্ষণের নতুন আইন চালু করেন। যদি কোন নারীকে ধর্ষণ করা হয় এবং ধর্ষক সনাক্ত হয়। তাকে ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে।
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh