সুদানের আবেই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এই ঘটনায় ফেসবুকে একটি তথ্য প্রচার করে দাবি করা হচ্ছে, পাকিস্তানের সেনাবাহিনীর কিউআরএফ কমান্ডোদের সহায়তায় ৪১ জন বাংলাদেশি সেনাসহ আরও ৮ জন গুরুতর আহত বাংলাদেশি সেনা উদ্ধার হয়েছে। এতে করে পাকিস্তানের সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পেলো ৪৯ জন বাংলাদেশি সেনার প্রাণ। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এটি ভুয়া বলে জানানো হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট যাচাই করে দেখা যায়, এই দাবির বিপরীতে বিবিসি নিউজকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বিবিসি নিউজ ও বিবিসি বাংলার ওয়েবসাইট খুঁজে পাকিস্তানের সেনাবাহিনীর কিউআরএফ কমান্ডোদের সহায়তায় বাংলাদেশি সেনাদের উদ্ধারের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
এই ঘটনা নিয়ে বিবিসি বাংলায় গত শনিবার (১৩ ডিসেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
এতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরকে উদ্ধৃত করে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ সূত্রে বিবিসি বাংলা সুদানের আবেই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী নিহত এবং আরো আট জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে। পুরো প্রতিবেদনটিতে পাকিস্তানের সেনাবাহিনীর কিউআরএফ কমান্ডোদের সহায়তায় বাংলাদেশি সেনাদের উদ্ধারের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে প্রকাশিত পোস্টটি দেখুন এখানে। এখানেও ফেসবুকে প্রচারিত দাবিটির পক্ষে কোনো সত্যতা পাওয়া যায়নি।
সুদানে বাংলাদেশি সেনাদের হতাহতের এই ঘটনা নিয়ে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে কোথাও পাকিস্তানের সেনাবাহিনীর কিউআরএফ কমান্ডোদের সহায়তায় বাংলাদেশি সেনাদের উদ্ধারের ব্যাপারে কোনো উল্লেখ নেই।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেইর (UNISFA)‘ ওয়েবসাইটেও শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনাটি উল্লেখ করা হয়েছে। তবে এখানেও বাংলাদেশি শান্তিরক্ষীদের উদ্ধারে পাকিস্তানের সেনাবাহিনীর কিউআরএফ কমান্ডোদের সহায়তা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সুদানে বাংলাদেশি সেনাদের হতাহতের ঘটনা নিয়ে প্রতিবাদ ও হতাহতের প্রতি সমবেদনা জানিয়েছে পাকিস্তান। জাতিসংঘস্থ পাকিস্তানের স্থায়ী মিশনের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এই প্রতিবাদ ও সমবেদনা জানিয়ে গতকাল রোববার (১৪ ডিসেম্বর) পোস্ট দেওয়া হয়। এই পোস্টেও ফেসবুকে প্রচারিত দাবিটির পক্ষে কোনো সত্যতা পাওয়া যায়নি।
এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজেও বাংলাদেশি শান্তিরক্ষীদের উদ্ধারে পাকিস্তানের সেনাবাহিনীর কিউআরএফ কমান্ডোদের সহায়তার দাবিতে প্রচারিত পোস্টগুলোকে মিথ্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।
এসব তথ্যের ভিত্তিতে এটি নিশ্চিত হওয়া যায়, সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী হামলার শিকার বাংলাদেশি সেনাদের পাকিস্তানের সেনাবাহিনীর কিউআরএফ কমান্ডোদের সহায়তায় উদ্ধারের দাবিটি ভিত্তিহীন। ফলে ফ্যাক্টওয়াচ এই দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
Claim: সুদানের আবেই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এই ঘটনায় ফেসবুকে একটি তথ্য প্রচার করে দাবি করা হচ্ছে, পাকিস্তানের সেনাবাহিনীর কিউআরএফ কমান্ডোদের সহায়তায় ৪১ জন বাংলাদেশি সেনাসহ আরও ৮ জন গুরুতর আহত বাংলাদেশি সেনা উদ্ধার হয়েছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh