কক্সবাজারে মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষণের ছবিগুলো পুরোনো নয় 

271
কক্সবাজারে মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষণের ছবিগুলো পুরোনো নয় 
কক্সবাজারে মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষণের ছবিগুলো পুরোনো নয় 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী কর্তৃক বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কয়েকজন সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার কিছু ছবি ফেসবুকে ছড়িয়েছে। ছবিগুলো নিয়ে ফেসবুকে চলছে নানামুখী আলোচনা। এই আলোচনার মধ্যেই দাবি করা হচ্ছে, "এই প্রশিক্ষণ টা তিনবছর আগের। তবে আওয়ামীপন্থীরা সেটা এখনকার বলে গুজব ছড়াচ্ছে"। দৈনিক আমার দেশের নামে খোলা একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়ানো এমন একটি দাবি নজরে এসেছে ফ্যাক্টওয়াচের। তবে অনুসন্ধানে দেখা যায়, ছবিগুলো সাম্প্রতিক সময়ের। বাংলাদেশের আমেরিকান অ্যাম্বাসির সহযোগিতায় মার্কিন সেনা ও বিমানবাহিনীর একটি দল গত রোববার (১৮ মে, ২০২৫) থেকে এই প্রশিক্ষণ পরিচালনা করে। গতকাল বুধবার কক্সবাজার সৈকতের প্যারাসেইলিং পয়েন্ট এলাকায় এই প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়। এছাড়া, আমার দেশের আদলে যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবিটি করা হয়েছে, সেটিও যথেষ্ট সন্দেহজনক। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। 

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে চ্যানেল আই, ডেইলি স্টার, চ্যানেল২৪-সহ একাধিক সংবাদমাধ্যমের ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী কর্তৃক বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কয়েকজন সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার ভিডিওসহ ভাইরাল ছবিগুলো পাওয়া যায়। 

এসব প্রতিবেদনে ব্যবহৃত ছবি ও ভিডিওর সঙ্গে তিন বছরের পুরোনো দাবিতে প্রচারিত ছবিগুলোর মিল রয়েছে। 

প্রতিবেদনগুলো থেকে জানা যায়, মার্কিন সেনা ও বিমানবাহিনী সদস্যদের একটি দলের সহায়তায় কক্সবাজার ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপণ কর্মীকে চারদিন ব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণে দুর্যোগপূর্ণ অবস্থায়, বিশেষ করে বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় দুর্গতদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া ব্যক্তিদের নিরাপদে ফিরিয়ে আনা এবং সমুদ্রসংলগ্ন এলাকায় উদ্ধার কার্যক্রম চালানোর বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় গত ১৮ মে এবং চার দিনের প্রশিক্ষণ শেষ হয় গতকাল বুধবার। 

ভুয়া দাবি (বামে), প্রকৃত তথ্য (ডানে)

প্রশিক্ষণটি সম্পর্কে  আরও তথ্য পাওয়া যায় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়েবসাইট থেকে। এতে গত ৫ মে এই প্রশিক্ষণ নিয়ে প্রকাশিত একটি অফিস আদেশ পাওয়া যায়। জানা যায়, এই প্রশিক্ষণের নাম ছিল ‘সুইফট ওয়াটার রেসকিউ ট্রেইনিং (Swift Water Rescue Training)’। যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এর সময়সীমা দেওয়া ১৮ মে থকে ২২ মে। এতে ফায়ার সার্ভিসের ১৫ কর্মকর্তা ও অগ্নিনির্বাপণ কর্মী অংশ নেন। 

ছবিগুলো সাম্প্রতিক সময়ের কি না এ সম্পর্কে আরও নিশ্চিত হতে ফ্যাক্টওয়াচ কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে। 

তিনি ফ্যাক্টওয়াচকে জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলো তিনি দেখেছেন এবং এগুলো সুইফট ওয়াটার রেসকিউ ট্রেইনিংয়েরই, পুরোনো নয়। প্রশিক্ষণটি গত ১৮ মে থেকে শুরু হয়ে গতকাল বুধবার (২১ মে) পর্যন্ত চলে। 

অর্থাৎ, প্রশিক্ষণটি সাম্প্রতিক সময়েই হয়েছে এবং ছবিগুলোও তিন বছরের পুরোনো নয়। 

উল্লেখ্য, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এমন প্রশিক্ষণ প্রদানের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময় দেশটি বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়েছে।

২০২০ সালে অনুষ্ঠিত এমন প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে দেখুন- এখানে। 

২০২১ সালে অনুষ্ঠিত এমন প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে দেখুন-এখানে

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর ২০২২ সালে ৬ দিনব্যাপী ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২২’ শীর্ষক যৌথ মহড়া সম্পর্কে পড়ুন- এখানে। 

আমার দেশের নামে সন্দেহজনক অ্যাকাউন্ট

দাবিটি আমার দেশের নাম ও লোগোযুক্ত যে অ্যাকাউন্টটি থেকে পোস্ট করা হয়েছে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এটি একটি সন্দেহজনক অ্যাকাউন্ট। এটি খোলা হয়েছে ২০২৪ সালের ১৮ অক্টোবর। এর ফলোয়ার ১ লাখ ৪৪ হাজার। অ্যাকাউন্টটির ইউআরএল লিংকে দেখা যায়, এতে ‘সাবিহা ঈসা’ নামে একটি নাম রয়েছে। এছাড়া এর কার্যক্রম বিশ্লেষণে স্পষ্ট যে, এটি আমার দেশের অফিশিয়াল অ্যাকাউন্ট না। 

দৈনিক আমার দেশ পত্রিকাটির কোনো ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট নেই। এর নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হয় ‘Daily Amar Desh’ নামের একটি ফেসবুক পেজ থেকে। আজ বৃহস্পতিবার (২২ মে, ২০২৫) সকাল সাড়ে ১১টা পর্যন্ত  পেজটির ফলোয়ার সংখ্যা ৮ লাখ ৮৭ হাজার।

সর্বোপরি এটি প্রমাণিত যে,  যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী কর্তৃক বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কয়েকজন সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার ছবিগুলো সাম্প্রতিক, তিন বছরের পুরোনো নয়। তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করছে।

Claim:
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী কর্তৃক বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কয়েকজন সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার কিছু ছবি ফেসবুকে ছড়িয়েছে। ছবিগুলো নিয়ে ফেসবুকে চলছে নানামুখী আলোচনা। এই আলোচনার মধ্যেই দাবি করা হচ্ছে, ‘প্রশিক্ষণের এই ছবিগুলো তিন বছরের পুরোনো, পতিত আওয়ামী সরকারের সমর্থকরা পুরোনো এই ছবিগুলো নতুন করে ভাইরাল করছে’। দৈনিক আমার দেশের নামে খোলা একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়ানো এমন একটি দাবি নজরে এসেছে ফ্যাক্টওয়াচের।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh