ভিডিওটি এক বছরের পুরোনো, সশস্ত্র এই ব্যক্তিরা ইউপিডিএফকর্মী নয়

19
ভিডিওটি এক বছরের পুরোনো, সশস্ত্র এই ব্যক্তিরা ইউপিডিএফকর্মী নয়
ভিডিওটি এক বছরের পুরোনো, সশস্ত্র এই ব্যক্তিরা ইউপিডিএফকর্মী নয়

ফেসবুকে বিজিবি সদস্যদের সঙ্গে সাধারণ অস্ত্রধারী কয়েকজনের একটি কথোপকথনের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এরা পার্বত্য চট্টগ্রামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র কর্মী। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, ভিডিওতে বিজিবি সদস্যদের সাথে কথোপকথনরত সশস্ত্র ব্যক্তিরা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্য। ভিডিওটি  বান্দরবানের থানচি থেকে গত বছর ধারণ করা হয়েছিল। 

আলোচিত দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে। 

দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে দেশ টিভির ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়। ২০২৫ সালের ১৩ অক্টোবর চ্যানেলটিতে আপলোড করা ভিডিওটি থেকে জানা যায়, সশস্ত্র এই ব্যক্তিরা আরাকান আর্মির সদস্য। এদেরকে বাংলাদেশ সীমান্তে বিজিবি বাধা প্রদান করে। ভিডিওটিতে কথোপকথনরত বিজিবি সদস্যকে বলতে শোনা যায়, তারা আরাকান আর্মির সদস্যদের সঙ্গে কথা বলছেন। ভিডিওটি দেখুন এখানে। 

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভেরিফায়েড ফেসবুক সূত্রে ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়া যায়। গতকাল শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে দেওয়া পোস্টটি থেকে জানা যায়, ভিডিওতে প্রদর্শিত ঘটনাটি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী থানচির বংকুপাড়া শূন্যরেখা এলাকায় সংঘটিত হয়। এটি ২০২৫ সালের ১ অক্টোবরের ঘটনা। ওই সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের  বিপি-৭১-এর নিকটবর্তী স্থানে আরাকান আর্মির একটি দল শূন্যরেখা অতিক্রম করে। সেখানে বিজিবি সদস্যরা প্রথমে মৌখিকভাবে তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করার জন্য সতর্ক করেন। পরবর্তীতে বলপ্রয়োগের মাধ্যমে দলটিকে মিয়ানমারের অভ্যন্তরে যেতে বাধ্য করা হয়।

অর্থাৎ পুরোনো ভিন্ন একটি ঘটনা সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা ঘিরে নতুন করে প্রচার করা হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এসব ভিডিওকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
হঠাৎ বিজিবির সামনে ইউপিডিএফ! অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসীদের নাগালে পেয়েও তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh