সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, যুবলীগ নেতাকে গাছের সাথে বেঁধে প্রকাশ্যে নির্যাতন করছে বিএনপি কর্মীরা। কোথাও দাবি করা হচ্ছে, ঘটনাটি সিলেটের।আরোও বলা হয়, অনেকদিন পর এই যুবলীগ নেতা স্ত্রী-সন্তানের সাথে দেখা করতে এলাকায় এসেছিলেন, সেই সময় বিএনপি কর্মীরা তাকে আটক করে এই নির্যাতন চালায়। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, ভাইরাল ভিডিওটি ভারতের ত্রিপুরার। মূল ঘটনা হচ্ছে, ছাগল চুরির অভিযোগে এক যুবককে গাছের সাথে বেঁধে পেটায় এলাকার লোকজন।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চে নিউজ নর্থ ইস্ট নামের একটি ফেসবুক পেজে এটি পাওয়া যায়। গত বছরের ২৫ মে ভিডিওটি পেজটিতে পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, ছাগল চুরির অভিযোগে এক যুবককে গাছের সাথে স্থানীয় লোকজন মারধর করে। এটি সোনামুড়া হাসপাতাল রোড এলাকার ঘটনা।
এই সূত্রে আরও খুঁজে সময় ত্রিপুরা নামে ভারতের ত্রিপুরা রাজ্যভিত্তিক একটি ফেসবুক পেজেও ভিডিওটি পাওয়া যায়। গত বছরের ২৫ মে পোস্ট করা ভিডিওটির ক্যাপশনেও একই তথ্য অর্থাৎ এটি সোনামুড়া হাসপাতাল রোড এলাকায় ছাগল চুরির অভিযোগে মারধরের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।
এসব ছাড়াও ত্রিপুরাভিত্তিক আরও কিছু ফেসবুক পেজেও ওই সময় ভিডিওটি একই দাবিতে পোস্ট করা হয়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
পোস্টগুলোতে উল্লিখিত স্থানের সূত্রে অধিকতর অনুসন্ধানে দেখা যায়, সোনামুড়া হাসপাতাল রোড নামে ত্রিপুরা সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় এই নামে একটি স্থান রয়েছে।
এসব বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট হয় যে, , যুবলীগ নেতাকে গাছের সাথে বেঁধে প্রকাশ্য নির্যাতনের দাবিতে প্রচারিত ভিডিওটি ভারতের। তাই ফ্যাক্টওয়াচ এই দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
Claim: সিলেটে যুবলীগ নেতাকে গাছের সাথে বেঁধে প্রকাশ্য নির্যাতন করছে বিএনপির সন্ত্রাসীরা। অনেক দিন পরে এলাকায় এসেছিলেন স্ত্রী-সন্তানের সাথে দেখা করতে সে সময় বিএনপি স'ন্ত্রাসীরা তাকে আটক করে এই নির্যাতন চালায়।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh