‘রোজা, নামাজ, হজ’ নিয়ে বিএনপি নেতার বক্তব্য ভুলভাবে প্রচার

164
‘রোজা, নামাজ, হজ’ নিয়ে বিএনপি নেতার বক্তব্য ভুলভাবে প্রচার
‘রোজা, নামাজ, হজ’ নিয়ে বিএনপি নেতার বক্তব্য ভুলভাবে প্রচার

‘রোজা, নামাজ, হজ কিছু লাগবে না। ধানের শীষে ভোট দিলেই জান্নাত পেয়ে যাবেন'- এক বিএনপি নেতাকে উদ্ধৃত করে ফেসবুকে ৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, এটি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপি নেতা মিয়া মোহাম্মদ ইদ্রিসের বক্তব্য। ফ্যাক্টওয়াচের অনুন্ধানে দেখা যায়, ৬ সেকেন্ডের প্রচারিত ভিডিওটি একটি দীর্ঘ বক্তব্যের খণ্ডিত অংশ। মিয়া মোহাম্মদ ইদ্রিস তার মূল বক্তব্যে আলোচিত উক্তিটি জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে করেন।

ফেসবুকে এই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে নিউজ২৪ নাঙ্গলকোট (News24 Nangalkot) নামের একটি ফেসবুক পেজে মিয়া মোহাম্মদ ইদ্রিসের বক্তব্যের একটি দীর্ঘ অংশ পাওয়া যায়। ২১ সেকেন্ডের ভিডিওটিতে মিয়া মোহাম্মদ ইদ্রিসকে বলতে শোনা যায়, ‘তাদের বড় এক নেতা বক্তব্য রাখছে কি, রোজা, নামাজ, হজ, যাকাত কিছু লাগবে না। ধানের শীষে ভোট দিলেই বেহেশতে যাইতে গা পারবেন, আরে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাইতে গা পারবেন।’

এরপর তিনি বলেন, ‘নাউযুবিল্লাহ বলেন, সবাই। এই কথাটা যারা বলে, তারাও জাহান্নামী এবং যারা বিশ্বাস করে তারাও জাহান্নামী হবে, তাই নয়?’

পরবর্তীতে আরও খুঁজে তাজু মিয়াজী (Tazu Miazi) নামের একটি ফেসবুক পেজে মিয়া মোহাম্মদ ইদ্রিসের বক্তব্য সম্বলিত একটি লাইভ ভিডিও পাওয়া যায়। তাজু মিয়াজী পেজটির পরিচয় থেকে জানা যায়, এটি এশিয়ান টিভি ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধির পেজ। এতে গত শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় লাইভটি শেয়ার করা হয়। প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটের লাইভটির ১ ঘণ্টা ১৬ মিনিট থেকে মিয়া মোহাম্মদ ইদ্রিসকে বক্তব্য দিতে দেখা যায়। 

তিনি তার বক্তব্যে আলোচনা প্রসঙ্গে জামায়াতে ইসলামীর প্রসঙ্গ আনেন এবং বক্তব্য দিতে গিয়ে ১ ঘণ্টা ২৭ মিনিটে বলেন, ‘তাদের বড় এক নেতা বক্তব্য রাখছে কি, রোজা, নামাজ, হজ, যাকাত কিছু লাগবে না। ধানের শীষে ভোট দিলেই বেহেশতে যাইতে গা পারবেন, আরে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাইতে গা পারবেন। ‘নাউযুবিল্লাহ বলেন, সবাই। এই কথাটা যারা বলে, তারাও জাহান্নামী এবং যারা বিশ্বাস করে তারাও জাহান্নামী হবে, তাই নয়?’

অনুসন্ধানে পাওয়া বক্তব্য দুটি বিশ্লেষণ করলে দেখা যায়, বিএনপি নেতার বক্তব্য দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া ৬ সেকেন্ডের ভিডিওটি একটি দীর্ঘ বক্তব্যের খণ্ডিত অংশ। মূল বক্তব্যটি তিনি শুরু করেছিলেন, ‘তাদের বড় এক নেতা বক্তব্য রাখছে কি’ বলে এবং শেষ করেছিলেন ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাইতে গা পারবেন।’ কিন্তু ফেসবুকে বক্তব্যের আগে-পরের এই অংশগুলো কেটে প্রচার করা হচ্ছে।  

অর্থাৎ মিয়া মোহাম্মদ ইদ্রিসের বক্তব্যটি ধানের শীষ নিয়ে ছিল না। তিনি ভোট দিয়ে বেহেশতে যাওয়া প্রসঙ্গে তার বক্তব্যের অংশে ধানের শীষের কথা আনলেও পর মুহূর্তে সেটি সংশোধন করে দাঁড়িপাল্লার কথা বলেছেন।

বিএনপি নেতা মিয়া মোহাম্মদ ইদ্রিসের পুরো বক্তব্যটি যাচাই করে ফ্যাক্টওয়াচ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, তার ভোট ও বেহেশতে যাওয়া ফেসবুকে প্রচারিত ৬ সেকেন্ডের ভিডিওটি এডিটেড। তাই ফ্যাক্টওয়াচ এই ভিডিওগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।

সংশোধনী: আগের শিরোনাম ছিল “রোজা, নামাজ, হজ কিছু লাগবে না-বিএনপি নেতার বক্তব্য ভুলভাবে প্রচার।” শিরোনামটি সংশোধন করে “‘রোজা, নামাজ, হজ’ নিয়ে বিএনপি নেতার বক্তব্য ভুলভাবে প্রচার” করা হলো।

Claim:
‘রোজা, নামাজ, হজ কিছু লাগবে না। ধানের শীষে ভোট দিলেই জান্নাত পেয়ে যাবেন'- এক বিএনপি নেতাকে উদ্ধৃত করে ফেসবুকে ৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, এটি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপি নেতা মিয়া মোহাম্মদ ইদ্রিসের বক্তব্য।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh