সম্প্রতি ফেসবুকে একজন পুরুষকে এক নারীর জুতোপেটা করার ভিডিও ছড়িয়ে পড়ছে। ক্যাপশনে দাবি করা হয় "চাঁদা নিতে গিয়ে মহিলার জুতাপেটা খেলো বিএনপি নেতা।" কিছু কিছু পোস্টে আবার ‘যুবদল নেতা’ উল্লেখ করা হয়েছে। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, বাস্তবে এটি একটি স্ক্রিপ্টেড ভিডিও। যে পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে সেখানে তাদের অভিনীত বিভিন্ন কন্টেন্ট দেখতে পাওয়া যায়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির উৎস খুঁজে পাওয়ার জন্য প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে সার্চ করা হয়। এর ফলে Shikdar2.2 নামের একটি পেজ থেকে আপলোড করা আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও পাওয়া যায়। ২০২৫ সালের ১৬ ডিসেম্বর আপলোড করা ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয় “পাতি নেতার চাদাবাজী অতঃপর,,,।” সেখানে বিএনপি বা যুবদলের কোনো নেতার কথা বলা হয়নি।
Shikdar2.2 নামের পেজটি পর্যালোচনা করে দেখা যায়, এটি কন্টেন্ট ক্রিয়েটরদের একটি পেজ। সেখানে আপলোড করা কন্টেন্টগুলোতে একই চেহারার মানুষ দেখা যায়।
যেহেতু Shikdar2.2 নামক পেজটি তাদের একটি রিল ক্রিয়েটর পেজ হিসেবে উল্লেখ করেছে, সেহেতু ঐ পেজটিতে শেয়ারকৃত অন্যান্য ভিডিওগুলোও যাচাই করে দেখে ফ্যাক্টওয়াচ। সেখানে প্রকাশিত বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটিতে যে ব্যক্তি ‘পাতিনেতা’ হিসেবে অভিনয় করেছেন, তিনি অন্য ভিডিওতেও অভিনয় করেছেন। ২০২৫ সালের ১৭ ডিসেম্বর আপলোডকৃত সেই ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়, “বাদামওয়ালার সাথে পাতি নেতার নেতাগিরি অতঃপর।”
অতএব, উপরের আলোচনা থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি বাস্তব কোন ঘটনা নয়। মূলত এটি একটি সাজানো ভিডিও। কিন্তু এমনভাবে প্রচার করা হয়েছে যে অনেকে এটিকে বাস্তব ঘটনা ভেবে শেয়ার করছেন।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটির সাথে সংশ্লিষ্ট দাবিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।
Claim: সম্প্রতি ফেসবুকে একজন পুরুষকে এক নারীর জুতোপেটা করার ভিডিও ছড়িয়ে পড়ছে। ক্যাপশনে দাবি করা হয় "চাঁদা নিতে গিয়ে মহিলার জুতাপেটা খেলো বিএনপি নেতা।" কিছু কিছু পোস্টে আবার ‘যুবদল নেতা’ উল্লেখ করা হয়েছে।
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh