সম্প্রতি ফেসবুকে আলাদা আলাদা দুই ব্যক্তিকে গ্রেফতার করার আলাদা আলাদা দুইটি ছবি ছড়িয়ে পড়ছে। ছবিগুলোর ক্যাপশনে দাবি করা হচ্ছে, নৌকার আদলে দুইতলা বাড়ি বানানোর অপরাধে তাদেকে পুলিশ গ্রেফতার করেছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ছবিগুলো কোনো বাস্তব ঘটনার নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। কোনো মূলধারার সংবাদমাধ্যমে এমন গ্রেফতার সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি।
ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলো খেয়াল করলে কিছু ত্রুটি দেখতে পাওয়া যাবে। সেই ত্রুটিগুলো সাধারণত এআই নির্মিত কন্টেন্টে দেখা যায়।
প্রথম ছবিতে থাকা মানুষের হাত বা আঙুলের সংখ্যা এবং গঠন স্বাভাবিক নয়। পুলিশের শার্টের হাতায় বা বুকে যে ধরনের লোগো বা ‘নেমপ্লেট’ থাকার কথা, এখানে সেগুলো অস্পষ্ট এবং কোনো নির্দিষ্ট অর্থ বহন করে না। তাছাড়া, পুলিশ কর্মকর্তাদের মাথায় থাকা ক্যাপের লোগোটি আসল পুলিশ ক্যাপের লোগোর মতো নয়।
দ্বিতীয় ছবিতে থাকা পুলিশ ভ্যানের মডেল এবং এর গায়ে লেখা “BANGLADESH” শব্দটির ফন্ট বাংলাদেশ পুলিশের ব্যবহৃত আসল গাড়ির মতো নয়। এছাড়া ভ্যানের অন্যান্য ছোট লেখাগুলো অস্পষ্ট ও অগোছালো। পুলিশ সদস্যদের পরনে যে ইউনিফর্ম দেখা যাচ্ছে, তার রং এবং কাঁধের ব্যাজগুলো বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ইউনিফর্মের সাথে মেলে না। পাশাপাশি বাড়ির প্রবেশদ্বারের কাছে লেখা এবং বাড়ির দুই পাশে বৃত্তাকার যে লোগোগুলো দেখা যাচ্ছে, তার ভেতরের লেখা বা চিহ্নগুলো কোনো স্পষ্ট অর্থ প্রকাশ করে না।
এই অসঙ্গতিগুলো বিবেচনা করে ফেসবুক থেকে এসব ছবি নিয়ে এআই ডিটেকশন টুল ‘SynthID’ এবং ‘ZeroGpt’ দিয়ে যাচাই করা হয়। টুলগুলো বিভিন্ন মডেলের সাহায্যে বিশ্লেষণ করে জানায়, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে,নৌকার আদলে বাড়ি তৈরি করার অপরাধে বাংলাদেশে কাউকে গ্রেফতার করা হয়েছে—এমন কোনো সংবাদ দেশের মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।
তাই সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।
Claim: সম্প্রতি ফেসবুকে আলাদা আলাদা দুই ব্যক্তিকে গ্রেফতার করার আলাদা আলাদা দুইটি ছবি ছড়িয়ে পড়ছে। ছবিগুলোর ক্যাপশনে দাবি করা হচ্ছে, নৌকার আদলে দুইতলা বাড়ি বানানোর অপরাধে তাদেকে পুলিশ গ্রেফতার করেছে।
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh