একটি বড় বাস পুলিশের ব্যারিকেড ভেঙে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, এ ধরনের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে দাবি করা হচ্ছে, ভারতের চলমান আন্দোলনে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীদের অগ্রযাত্রার ভিডিও এটি। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি 'শ্রী রাম ভূমি' নামের একটি সিনেমার শুটিংয়ের ভিডিও।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, বাসটির ওপরে একজনের হাতে গেরুয়া পতাকা এবং বাসের ভেতরের অনেকের পরনে গেরুয়া রঙের পোশাক। যা মূলত বিজেপির রাজনৈতিক চিহ্ন। এবারের আন্দোলন সরকার (বিজেপি) বিরোধী, ফলে গেরুয়া পোশাক পরা ব্যক্তিরা গেরুয়া পতাকা হাতে আন্দোলনে যোগ দিতে যাচ্ছে, এটি যুক্তিসঙ্গত নয়।
ভিডিওটির কয়েকটি কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে ইউটিউবে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে লেখা রয়েছে অযোধ্যায় অনুপম খেরের মুভির শুটিং। এই ভিডিওর সঙ্গে আলোচ্য ভিডিওটির মিল রয়েছে।
এছাড়া, অনুসন্ধানে ইউটিউবে আরও একটি ভিডিও পাওয়া যায়। এটিতেও ‘ভাইরাল মুভি শুটিং’ হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।
কোন মুভির শুটিং সেটি অনুসন্ধান করতে গিয়ে অভিনেতা অনুপম খেরের ‘শ্রী রাম ভূমি’ নামের একটি সিনেমার নাম পাওয়া যায়।
এই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ইউটিউবে আরও একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটিতে ওই বাস এবং লোকেশন আরও স্পষ্টভাবে পাওয়া যায়। এটির ক্যাপশনে বলা হয়েছে, “ভগবান শ্রীরামের জন্মভূমির ওপর তৈরি হতে যাওয়া সিনেমা ‘শ্রী রাম ভূমি‘-র শুটিং শুরু হয়ে গেছে। সিনেমার প্রথম শুটিং শিডিউল অযোধ্যাতেই সম্পন্ন হচ্ছে।”
আরও অনুসন্ধানে টাইমস অব ইন্ডিয়ার বিনোদন খবরের চ্যানেল টাইমস এন্টারটেন্টমেন্ট‘র একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনের শিরোনাম- “অনুপম খের নিশ্চিত করেছেন যে তিনি ‘শ্রী রাম ভূমি’ সিনেমায় অশোক সিংঘলের চরিত্রে অভিনয় করছেন।”
এছাড়া টাইমস অব ইন্ডিয়ার ১১ জুলাই আপলোড করা একটি প্রতিবেদনে অভিনেতা অনুপম খেরের একটি সাক্ষাৎকার পাওয়া যায়। যেখানে তিনি ‘শ্রী রাম ভূমি’তে অভিনয়ের কথা বলেছেন।
কাজেই আলোচিত ভিডিওটি ভারতের চলমান আন্দোলনে যোগ দিতে যাওয়া আন্দোলনকারীদের নয়। এটি একটি সিনেমার শুটিংয়ের দৃশ্য। ফলে সঙ্গত কারণে, এ ধরনের ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: একটি বড় বাস পুলিশের ব্যারিকেড ভেঙে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, এ ধরনের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে দাবি করা হচ্ছে, ভারতের চলমান আন্দোলনে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীদের অগ্রযাত্রার ভিডিও এটি।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh