মুখমণ্ডল দগ্ধ এক ব্যক্তির হাতে একটি চেক তুলে দিচ্ছেন জামায়াতের আমির ও নায়েবে আমির, সম্প্রতি এ ধরনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, দগ্ধ একজন ব্যক্তির হাতে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকার চেক তুলে দিচ্ছেন তারা। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এমন কোনো আর্থিক সহায়তার তথ্য খুঁজে পাওয়া যায়নি। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি।
ছবিতে দেখা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের মুখমণ্ডল দগ্ধ এরকম একজন ব্যক্তির হাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি চেক তুলে দিচ্ছেন।
প্রসঙ্গত, ছবিতে থাকা দগ্ধ ব্যক্তি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার যুবক ইব্রাহিম বলে ধারণা করা যায়। সামাজিক সেবা মূলক প্রতিষ্ঠান ‘মাস্তুল ফাউন্ডেশন’ এর ভ্যারিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টে মীর ইব্রাহিম নামক একজনের জন্য সহায়তার আবেদন করা হয়। দাবিকৃত পোস্টগুলোতে থাকা দগ্ধ ব্যক্তির ছবির সাথে সহায়তা চাওয়া ব্যক্তির মিল রয়েছে। মানবিক আবেদনের পোস্টটিতে তার সুস্থ অবস্থায় থাকা একটি ছবি রয়েছে। এ সূত্রে খোঁজ করলে, বাংলানিউজ২৪-এ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ৩০ জুন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করার সময় বৈদ্যুতিক কন্ট্রোল বোর্ড বিস্ফোরণে ইব্রাহিমের মুখমণ্ডল ও দুই হাতের বড় অংশ ঝলসে যায়। প্রতিবেদনটি দেখুন এখানে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে সার্চ করা হয়। কিন্তু জামায়াতের আমির ও নায়েবে আমিরের পক্ষ থেকে ইব্রাহিমকে আর্থিক সহায়তা দেওয়ার পক্ষে কোনো তথ্য মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া ছবিটি বিশ্লেষণ করলে একাধিক অসঙ্গতি চোখে পড়ে। ছবিতে থাকা ব্যক্তিদের চেহারা, পিছনে দেয়াল ও চেকে থাকা তথ্যে অস্বাভাবিকতা রয়েছে। শফিকুর রহমান ও সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের চেহারার সঙ্গে ছবির ব্যক্তিদের পুরোপুরি মিল নেই। ব্যাকগ্রাউন্ডসহ ছবির বিভিন্ন উপাদানেও অসঙ্গতি দেখা যায়। এ ধরনের অসঙ্গতি সাধারণত এআই দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ মডারেশনে ছবিটি যাচাই করা হয়। যাচাইয়ের ফলাফলে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ।
অর্থাৎ, জামায়াতের আমির ও নায়েবে আমির দগ্ধ ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেক দিয়ে সহায়তা করেছেন, এমন কোনো তথ্য মূলধারার গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। তবে এটি নিশ্চিত যে, ভাইরাল ছবিটি এআই প্রযুক্তির সাহায্যে বানানো হয়েছে এবং বাস্তব কোনো মুহূর্তের ছবি নয় এটি।
তাই জামায়াতে ইসলামীর আমির ও নায়েবে আমিরের আর্থিক সহায়তা দেওয়ার দাবিতে প্রচারিত এই ছবিকে ফ্যাক্টওয়াচ ‘বিকৃত’ বলে চিহ্নিত করছে।
Claim: মুখমণ্ডল দগ্ধ এক ব্যক্তির হাতে একটি চেক তুলে দিচ্ছেন জামায়াতের আমির ও নায়েবে আমির, সম্প্রতি এ ধরনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, দগ্ধ একজন ব্যক্তির হাতে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকার চেক তুলে দিচ্ছেন তারা।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh