পরীক্ষার্থীদের আন্দোলন: নিহতের ভুয়া দাবি, ছড়াচ্ছে এআই ছবি 

43
পরীক্ষার্থীদের আন্দোলন: নিহতের ভুয়া দাবি, ছড়াচ্ছে এআই ছবি 
পরীক্ষার্থীদের আন্দোলন: নিহতের ভুয়া দাবি, ছড়াচ্ছে এআই ছবি 

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন পরীক্ষার্থীরা। এই আন্দোলন ঘিরে ফেসবুকে আন্দোলনকারী পরীক্ষার্থীদের নিহত হওয়ার বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে। কোথাও দাবি করা হয়েছে গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকায় আন্দোলনকারী পরীক্ষার্থীদের ৭ জন নিহত হয়েছেন। কিছু পোস্টে দাবি করা হয়েছে, রাজধানী সাইন্সল্যাবের সামনে ২ জন ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। আবার একটি পোস্টে এক তরুণের ছবি ব্যবহার করে দাবি করা হয়েছে, এই এইচএসসি পরীক্ষার্থী গতকাল মারা গিয়েছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, মারা যাওয়ার এসব দাবি ভিত্তিহীন। কোনো নির্ভরযোগ্য সূত্রে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের নিহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। যেই তরুণের ছবি ব্যবহার করে দাবি করা হচ্ছে, তিনি মারা গেছেন। ওই তরুণ মূলত আন্দোলন চলাকালে আহত হন। তার একটি ছবি এআই দিয়ে এডিট করে নিহতের দাবি প্রচার করা হচ্ছে। 

আন্দোলনকারী পরীক্ষার্থীদের নিহতের দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে দেশের কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীদের নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আবার যেসব পোস্টে এসব নিহতের দাবি করা হচ্ছে, সেসব পোস্টেও নিহতের দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। 

সংবাদমাধ্যমগুলোতে আন্দোলনকারী পরীক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের বেশ কিছু সংবাদ পাওয়া যায়। যেমন, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর উত্তরায় আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীদের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। 

রাইজিং বিডির একটি প্রতিবেদন থেকে জানা যায়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। এই প্রতিবেদনে নিহতের কোনো তথ্য নেই।

প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীতে আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা বিক্ষোভের এক পর্যায়ে জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে পুলিশ ছাত্রদের ওপর লাঠিপেটা করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়। একই তথ্য পাওয়া যায় দেশের অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেও। এসব প্রতিবেদনেও কোথাও আন্দোলনে নিহতের তথ্য পাওয়া যায়নি। 

এ ছাড়া গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল গেইটের সামনে পুলিশের সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এই সময় আন্দোলনকারী এক শিক্ষার্থী আহত হওয়ার ভিডিও পাওয়া যায়। 

আহত তরুণের ছবি এআই দিয়ে এডিট করে নিহতের দাবি প্রচার 

ছবিটি নিয়ে অনুসন্ধানে ন্যাশনাল নিউজ নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও পাওয়া যায়। এটির ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওতে থাকা এক শিক্ষার্থী পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে অজ্ঞান হয়ে যান। আহত এই পরীক্ষার্থীর পরিহিত জামা ও মুখভঙ্গির সঙ্গে নিহত এইচএসসি পরীক্ষার্থীর পরিহিত জামা ও মুখভঙ্গির মিল রয়েছে। 

পরবর্তীতে ছবিটি দুটি এআই ডিটেক্টর টুল দিয়ে যাচাই করে দেখা যায়,  নিহত এইচএসসি পরীক্ষার্থী দাবিতে প্রচারিত ছবিটিতে এআই ব্যবহার করা হয়েছে। 

অনুসন্ধানে প্রাপ্ত এসব ফলাফল থেকে নিশ্চিত হওয়া যায়, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলনকারী পরীক্ষার্থীদের নিহত হওয়ার দাবিটি ভিত্তিহীন। তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
ঢাকায় আন্দোলনকারী পরীক্ষার্থীদের ৭ জন নিহত

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh