ভিডিওটি ভারতে গরুর খামারিদের আন্দোলনের নয়  

103
ভিডিওটি ভারতে গরুর খামারিদের আন্দোলনের নয়  
ভিডিওটি ভারতে গরুর খামারিদের আন্দোলনের নয়  

ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতের গরুর খামারিরা গরু বিক্রি করতে না পেরে দেশীয় অস্ত্র হাতে রাস্তায় নেমেছে। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ভারতের হলেও ঘটনা ভিন্ন। মূলত, গত ৮ মে (শুক্রবার) পশ্চিমবঙ্গে আদিবাসী স্বাধীনতা সংগ্রামী সিধু মুর্মু ও কানু মুর্মুর ভাস্কর্য ভাঙচুর করে সেখানে বিজেপির পতাকা উড়ানো হয়। এই ঘটনায় ৯ মে আদিবাসী সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ শুরু করেন এবং বিজেপি সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। ভিডিওটি এই ঘটনার। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চে ইনস্টাগ্রামে রেড লিফ নিউজ নামের একটি অ্যাকাউন্টে পাওয়া যায়। গত ১২ মে অ্যাকাউন্টটিতে ভিডিওটি পোস্ট করা হয়। 

এটির ক্যাপশনে উল্লেখ করা বর্ণনা থেকে জানা যায়, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের দেউরিয়া গ্রামে গত ৯ মে রাতে সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু মুর্মু ও কানহু মুর্মুর মূর্তি ভাঙচুর করার অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, মূর্তিগুলোর হাত ভাঙা অবস্থায় দেখা যায়। ঘটনাস্থলের কাছে বিজেপির পতাকা পাওয়ায় রাজনৈতিক উত্তাপ আরও তীব্র হয়েছে। 

এক্সেও (সাবেক টুইটার) ময়ূখ বিশ্বাস নামের একটি অ্যাকাউন্টে এই ভিডিওটি পাওয়া যায়। গত ১২ মে করা টুইটটিতে ভিডিওটি সম্পর্কে বলা হয়, বংশীহারিতে সিধু-কানহুর মূর্তি ভাঙার অভিযোগে বিজেপি-আরএসএসের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আদিবাসী মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। 

এ ছাড়া সোশ্যাল প্লাটফর্ম রেড্ডিটের বেশ কিছু পোস্টেও ভিডিওটি পাওয়া যায়। এসব পোস্টেও ভিডিওটি সম্পর্কে উপরিউক্ত বর্ণনাটিই দেওয়া হয়েছে। 

পরবর্তীতে আরও খোঁজে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে এই ঘটনাটি নিয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। গত ১০ মে প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের দেউরিয়া গ্রামে সিধু মুর্মু ও কানহু মুর্মুর মূর্তি ভাঙচুরের ঘটনাকে ঘিরে শনিবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, শুক্রবার রাতে কিছু দুষ্কৃতিকারী আদিবাসী স্বাধীনতা সংগ্রামী নেতা সিধু-কানহুর মূর্তি ক্ষতিগ্রস্ত করে এবং ঘটনাস্থলে বিজেপির পতাকা রেখে যায়। এই ঘটনার প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিক্ষোভে ফেটে পড়েন এবং বিজেপি সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। 

ক্ষুব্ধ বিক্ষোভকারীরা কয়েকটি দোকান ও একটি বিজেপি কার্যালয়ে ভাঙচুর চালায়। দলীয় পতাকা, চেয়ার ও টেবিলে আগুন লাগানো হয়। এই সময় ধনুক-বাণ, লাঠি ও ঝাঁটা হাতে শত শত গ্রামবাসী বাঁশের ব্যারিকেড ফেলে রাস্তাও অবরোধ করেন।

অনুসন্ধানে প্রাপ্ত এসব ফলাফল থেকে নিশ্চিত হওয়া যায়, ভারতের গরুর খামারীরা গরু বিক্রি করতে না পেরে দেশীয় অস্ত্র হাতে রাস্তায় নেমেছে দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার। তাই ফ্যাক্টওয়াচ এসব দাবিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।

Claim:
ভারতের গরুর খামারিরা গরু বিক্রি করতে না পেরে দেশীয় অস্ত্র হাতে রাস্তায় নেমেছে

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh