সম্প্রতি ফেসবুকে একটি মিছিলের ছবি শেয়ার করে ক্যাপশনে দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় ধানমণ্ডি-৩২ অভিমুখে যাত্রার ভিডিও এটি। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, মিছিলের ভিডিওটি ২০২৪ সালের জুলাই মাসে গুলিস্তান এলাকার।
মিছিলের পোস্টগুলোর পুরো ক্যাপশনটি হলোঃ “কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা মোতাবেক দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন সাফল্যমণ্ডিত করতে মুক্তিযুদ্ধের হেডকোয়ার্টার ধানমণ্ডি-৩২ অভিমুখে যাত্রা শুরু করলাম। খুব শীগ্রই এই ভগ্ন বাড়িটি পুনঃনির্মাণ কাজ শুরু করবো আমরা, কারণ- দেশে ফিরে ৩২ নম্বরের এই ঐতিহাসিক বাড়িতেই পদার্পণ করবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমি বিশ্বাস করি, ৩২ নম্বরের এই বাড়িটি বাঙালির কাছে আবেগ, শ্রদ্ধা ও ইতিহাসের তীর্থস্থান হিসেবেই পরিচিতি লাভ করেছে। কারণ ইতিহাসকে অস্বীকার করা যায় না, তাকে কেবল নতুন করে উপলব্ধি করা যায়।” (বানান অপরিবর্তিত রয়েছে)
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
ভিডিওটির কয়েকটি কি- ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়। ২০২৪ সালের ১৬ জুলাইয়ের এই পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, ‘রাজাকার’ স্লোগানের প্রতিবাদে হাজারো নেতা-কর্মী নিয়ে সম্রাটের শোডাউন। এই পোস্টের ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে। অর্থাৎ ভিডিওটি দুই বছর আগে থেকে অনলাইনে আছে।
আরও অনুসন্ধানে একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৪ সালের ১৬ জুলাই প্রকাশিত এই প্রতিবেদনের শিরোনামেও বলা হয়েছে, ‘রাজাকার’ স্লোগানের প্রতিবাদে হাজারো নেতা-কর্মী নিয়ে সম্রাটের শোডাউন। এই প্রতিবেদন থেকে জানা যায়, “১৫ জুলাই রাতে মিছিলটি গুলিস্তানস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে জড়ো হয়।” কাজেই মিছিলটি গুলিস্তানে হয়েছিল, ধানমণ্ডিতে নয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ জুলাই ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উক্তিকে কেন্দ্র করে আন্দোলন উত্তাল হয়ে ওঠে। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে তিনি বলেন, “মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা কোটা পাবে না? তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা পাবে?” তার এই বক্তব্যের পর আন্দোলনকারীরা স্লোগান দেন, “তুমি কে আমি কে, রাজাকার রাজাকার।” পরে স্লোগানটিতে আরও যুক্ত হয়, “কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার।”
শিক্ষার্থীদের এই স্লোগানের প্রতিবাদে সে সময় এই মিছিলটি হয়েছিল বলে প্রতীয়মান হয়।
কাজেই আলোচিত মিছিলটি ২০২৪ সালের জুলাই মাসের, সাম্প্রতিক সময়ের নয়। সঙ্গত কারণে আলোচ্য পোস্টগুলোকে বিভ্রান্তিকর সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় ধানমণ্ডি-৩২ অভিমুখে যাত্রার ভিডিও এটি
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh