রাস্তার পিলারে কালো কালি দিয়ে ‘বিএনপি সিডিআই’লেখা একটি ছবি সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। বিভিন্ন ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপিকে গালি দিয়ে গ্রাফিতিটি করা হয়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে পাওয়া যায়, ছবিটি এডিটেড। মূল ছবিতে পিলারে কোনো গ্রাফিতি নেই।
ভাইরাল পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি পিলারে বিএনপিকে বাজে মন্তব্য করে গ্রাফিতি করা হয়েছে। পোস্টগুলোর ছবিতে দেখা যায়, একটি এক্সপ্রেসওয়ের পিলারে সাদা ও হলুদ রং করা। পিলারের সাদা অংশে কালো কালিতে “BNP Cdi” লেখা রয়েছে। পিলারের পাশের রাস্তায় একটি সবুজ রঙের সিএনজি দেখা যায়। এছাড়া পাশে রাস্তায় রয়েছে একটি কালো রঙের প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল।
অনুসন্ধানের শুরুতে, ফেসবুকে ‘আল নাহিয়ান রহমান রায়হান’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ১৬ মে, ২০২৬ এ প্রকাশিত পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, টাইগারপাস থেকে লালখান বাজার ফ্লাইওভারের নিচে জুলাই গ্রাফিতি আঁকা হয়েছিল সেটা মুছে দেওয়া হয়েছে। পোস্টের একটি ছবি দাবিকৃত ছবির সাথে মিলে যায়, তবে এই ছবিতে কোনো গ্রাফিতি নেই।
পরবর্তীতে, রিভার্স ইমেজ সার্চে এ বছরের ১৮ মে, সোমবার ‘বিডিনিউজ24’ এ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। “চট্টগ্রামে জুলাইয়ের গ্রাফিতি মোছা নিয়ে এনসিপি ও ছাত্রদলের উত্তেজনা” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে থাকা ছবির সাথে দাবিকৃত ছবিগুলোর মিল পাওয়া যায়। পরিবেশ, পিলারের রং, পাশের সিএনজি ও গাড়িগুলোর অবস্থান একই জায়গায় থাকলেও পিলারটিতে কোনো গ্রাফিতি নেই।
প্রতিবেদনটিতে উল্লেখ রয়েছে, চট্টগ্রামে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের মধ্যে উত্তেজনার পর সেই সড়কে সব ধরনের মিছিল-মিটিংয়ে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।
অর্থাৎ, চট্টগ্রামের টাইগারপাস এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ‘বিএনপি সিডিআই’ লেখা গ্রাফিতির ছবিটি এডিটেড। মূল ছবিকে এডিট করে ভুয়া দাবিতে প্রচার করা হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ দাবিকৃত এডিটেড ছবিগুলোকে “বিকৃত” হিসেবে চিহ্নিত করেছে।
Claim: চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকা। বিএনপি এগুলো ১০০% ডিজার্ভ করে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh