গত ৭ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এ প্রেক্ষিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে যেখানে দাবি করা হচ্ছে, জকসু নির্বাচনের ফলাফল নিয়ে ছাত্রদল এবং শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, উক্ত দাবিতে ছড়ানো ভিডিওটি মূলত ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পুরোনো ভিডিও।
আলোচ্য ভিডিও থেকে বিভিন্ন কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে পাওয়া যাচ্ছে, ‘MD Limon Hassan’ নামক ফেসবুক আইডি থেকে ২০২৫ সালের ২৬ জানুয়ারি রাতে হুবহু একই ভিডিও কয়েকটি ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়েছিলো। ক্যাপশনে বলা হয়েছে – “মুখোমুখি অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ। ইট পাটকেল নিক্ষেপ চলছে। যেকোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে।“
পরবর্তী অনুসন্ধানে পশ্চিমবঙ্গের সংবাদ সংস্থা এই সময় অনলাইনের ২৭ জানুয়ারি, ২০২৫ তারিখের প্রতিবেদন থেকে জানা যায়, আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে আলোচ্য ভিডিওর মিল পাওয়া যায়।
এ বিষয়ে আরো অনুসন্ধানে প্রথম আলোসহ একাধিক সংবাদমাধ্যমের (১,২) ২৭ জানুয়ারি, ২০২৫ সালের প্রতিবেদন থেকে পোস্টের ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। জানা যাচ্ছে, ২৬ জানুয়ারি, ২০২৫ তারিখ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সাত কলেজের কয়েকশ শিক্ষার্থী রাত সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যায়। সেখানে উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। রাত ১২টার পর পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে সংঘর্ষ নিউ মার্কেট এলাকায় ছড়িয়ে পড়ে।
এসব তথ্য নিশ্চিত করছে, জকসু নির্বাচন নিয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ দাবিতে ফেসবুকে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও ছড়ানো হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।
Claim: গত ৭ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এ প্রেক্ষিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে যেখানে দাবি করা হচ্ছে, জকসু নির্বাচনের ফলাফল নিয়ে ছাত্রদল এবং শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh