আলোচিত এই শিশু স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে নয় 

9
আলোচিত এই শিশু স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে নয় 
আলোচিত এই শিশু স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে নয় 

ফেসবুকে এক শিশুর ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দীন আহমদের মেয়ে। ভিডিওটিতে শিশুটিকে বলতে শোনা যাচ্ছে, 'আই ডোন্ট বিলিভ ইন গড' (‘আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি না’)। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটিতে থাকা শিশুটি স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে নয়। তার নাম অস্মি, তিনি নিজেকে একজন সাবেক শিশু শিল্পী বলে সংবাদমাধ্যমে পরিচয় দিয়েছেন।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

আলোচিত দাবিটি যাচাই করতে গিয়ে ‘দ্য নিউজ এন্টারটেইনমেন্ট’ নামের একটি ফেসবুক পেজে প্রচারিত মূল ভিডিওটি পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে বক্তব্য প্রদানকারী শিশুটিকে অস্মি নামে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।  ভিডিওতে শিশুটি নিজেই জানান, তিনি জন্মগতভাবে হিন্দু ধর্মাবলম্বী, তবে তিনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না।  সংবাদমাধ্যমে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে তিনি নিজেকে একজন সাবেক শিশু শিল্পী হিসেবে পরিচয় দেন। 

এসব প্রতিবেদনের কোথাও তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে হিসেবে উল্লেখ করা হয়নি এবং শিশুটিরও তার নিজের এমন কোনো পরিচয় দেওয়ার তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে আরও খুঁজে ফেসবুকে Dipanwita Roy (দ্বীপান্বিতা রায়) নামের একটি অ্যাকাউন্টে শিশুটিকে নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। গত ২ আগস্ট দেওয়া এই পোস্টটিতে শিশুটিকে নিজের মেয়ে পরিচয় দিয়ে পোস্টদাতা লিখেন, ‘আমি আমার মেয়েকে নিয়ে গর্ব করি। কারণ, তার যোগ্যতা সম্পর্কে আমি সচেতন। ইন্টারন্যাশনাল ম্যাথ এবং প্রোগ্রামিং কম্পিটিশনে সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।… আগে তার মতো যোগ্যতাসম্পন্ন একটি সন্তান জন্ম দিন, তারপর তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে আসুন।’ 

দ্বীপান্বিতা রায় পেশায় একজন অভিনেত্রী। অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দ্বীপান্বিতা রায়ের স্বামীর ফেসবুক অ্যাকাউন্ট পাওয়া যায়। মিলন বিশ্বাস নামের এই অ্যাকাউন্টটিতে ২০২৫ সালের ১৩ জানুয়ারির একটি পোস্ট পাওয়া যায়। এই পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে দাবি করা শিশুটির আরও বেশ কিছু ছবি রয়েছে। 

পোস্টটিতে মিলন বিশ্বাস লিখেন, অস্মি তার মেয়ে। তার পুরো নাম অনুরনিশা বিশ্বাস অস্মি। ছবিগুলোতে অস্মির সঙ্গে দ্বীপান্বিতা রায়কেও দেখা যায়। এ ছাড়া অ্যাকাউন্টটি ঘুরে মিলন বিশ্বাস, দ্বীপান্বিতা রায় দম্পতির তাদের মেয়ে অস্মিসহ আরও কিছু ছবি পাওয়া যায়। যার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, অস্মি নামের শিশুটি তাদেরই মেয়ে। 

এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ফেসবুক পেজে প্রচারিত জীবনবৃত্তান্ত থেকে জানা যায়, তার দুই পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছেন। তার বড় কন্যার নাম ফারমিস আহমেদ ইকরা এবং ছোট কন্যার নাম ফারিবা আহমেদ রায়দা। ফারমিস আহমেদ ইকরা লন্ডন থেকে চিকিৎসা বিজ্ঞানে এবং ফারিবা আহমেদ রায়দা কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী নিয়ে পড়াশোনা করেছেন।

এসব অনুসন্ধানের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
ফেসবুকে এক শিশুর ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দীন আহমদের মেয়ে। ভিডিওটিতে শিশুটিকে বলতে শোনা যাচ্ছে, 'আই ডোন্ট বিলিভ ইন গড' (‘আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি না’)।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh