চট্টগ্রামে বিএনপি নেতা মনিরের হাতে বাবাকে হত্যার দাবিতে বিহারের ভিডিও প্রচার

38
চট্টগ্রামে বিএনপি নেতা মনিরের হাতে বাবাকে হত্যার দাবিতে বিহারের ভিডিও প্রচার
চট্টগ্রামে বিএনপি নেতা মনিরের হাতে বাবাকে হত্যার দাবিতে বিহারের ভিডিও প্রচার

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা মনির এক ব্যক্তিকে তার সন্তানের সামনে হত্যা করেছেন বলে দাবি করা হচ্ছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি চট্টগ্রামের কোনো ঘটনার নয়। এটি ভারতের বিহার রাজ্যের একটি পুরোনো ঘটনার ভিডিও। সেখানে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে তার ভাই ও ভাতিজা মারধর করেন। ঘটনাটি হত্যাকাণ্ড নয়, পুলিশ এটিকে হত্যাচেষ্টার মামলা হিসেবে তদন্ত করে এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

এই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, ও এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ফেসবুকে প্রচারিত ভিডিওতে দেখা যায়, একটি খোলা জায়গায় এক ব্যক্তিকে কয়েকজন ব্যক্তি কোদালের হাতল দিয়ে মারধর করছেন। ভিডিওটির সঙ্গে বাংলা ভাষায় দাবি করা হয়েছে, এটি চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা মনিরের হাতে একজন বাবাকে তার সন্তানের সামনে হত্যার দৃশ্য।

ভিডিওটির উৎস অনুসন্ধান করতে গিয়ে ভারতের বিহারের একটি ঘটনার সঙ্গে এর মিল পাওয়া যায়। ভারতের সংবাদমাধ্যম Dainik Bhaskar এর প্রতিবেদনে বলা হয়েছে, জমি নিয়ে বিরোধের জেরে এক ভাইকে কোদালের হাতল দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করেছে। প্রতিবেদনের সঙ্গে প্রকাশিত ভিডিওতে যে দৃশ্য দেখা যায়, ফ্যাক্টওয়াচের হাতে থাকা প্রচারিত ভিডিওর দৃশ্যের সঙ্গে তার মিল রয়েছে।

दैनिक भास्कर
जमीन विवाद में भाई ने किया कुदाल से हमला VIDEO: सहरसा में 4 कट्ठा जमीन को लेकर झगड़ा,…
सहरसा के बिहरा थाना क्षेत्र में शनिवार को जमीन विवाद ने भाई-भाई के रिश्ते को खूनी मोड़ दे दिया। बारा भरना वार्ड-03 में बीते 16 जुलाई को दोपहर करीब 12:30 बजे जमीन को लेकर दो सगे भाइयों के बीच विवाद इतना बढ़ गया कि बड़े…

ভারতের Live Hindustan এর ২১ জুলাই ২০২৫ এর প্রতিবেদনে বিহরা থানা পুলিশের বরাতে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিহরা থানা এলাকার বারা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে গিরধারী যাদবকে তার ভাই রাম প্রবেশ যাদব ও ভাতিজা রবীন্দ্র যাদবের হামলার শিকার হতে দেখা যায়। জমি নিয়ে বিরোধের জেরে তাকে কোদালের হাতল দিয়ে আঘাত করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গিরধারীর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। 

এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রচারিত দাবিতে ঘটনাটিকে “খুন” বা হত্যা হিসেবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু সংবাদ প্রতিবেদনগুলোতে ঘটনাটি হত্যাচেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশি তথ্য অনুযায়ী, হামলার শিকার গিরধারী যাদবকে আহত ও অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং তার ওপর হামলার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে পাওয়া তথ্য প্রমাণ অনুযায়ী, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের চট্টগ্রামের নয়। ভিডিওটি ভারতের বিহার রাজ্যের একটি ঘটনার। 

তাই ফ্যাক্টওয়াচ ভাইরাল দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।

Claim:
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা মনির এক ব্যক্তিকে তার সন্তানের সামনে হত্যা করেছেন বলে দাবি করা হচ্ছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh