ভিন্ন ভিন্ন দেশের ভিডিওকে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক পরিস্থিতি দাবিতে প্রচার 

38
ভিন্ন ভিন্ন দেশের ভিডিওকে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক পরিস্থিতি দাবিতে প্রচার 
ভিন্ন ভিন্ন দেশের ভিডিওকে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক পরিস্থিতি দাবিতে প্রচার 

রাঙামাটির সাজেকে সাম্প্রতিক উত্তেজনাকে কেন্দ্র করে সম্প্রতি ফেসবুকে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে সাজেকের ঘটনা উল্লেখ করে 'সশস্ত্র গোষ্ঠীর মহড়া', 'প্রশিক্ষণ', 'গোলাবর্ষণ' ও 'অস্ত্র সংগ্রহের চিত্র' ইত্যাদি বলা হয়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, এসব দাবি ভিত্তিহীন। প্রকৃতপক্ষে ভিডিওগুলো ফিলিপাইন, ভারত, ইউক্রেন  এবং মিয়ানমারের ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের দৃশ্য।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ২০২৬ সালের ১১ অক্টোবর থেকে তিন দফা দাবিতে সাজেক সড়কে প্রথম অবরোধ শুরু করে। দুর্গাপূজা উপলক্ষে ১৬-২১ অক্টোবর তা স্থগিত থাকলেও, দাবি আদায় না হওয়ায় সংগঠন দুটির যৌথ বিবৃতিতে ২২ অক্টোবর থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেওয়া হয়। নিরাপত্তা ঝুঁকিতে প্রশাসন সাজেক ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা করে। ওই দিনই (২২ অক্টোবর) আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে ফিরিয়ে আনার সময় সশস্ত্র গোষ্ঠীর হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। এর প্রতিবাদে ২৩ ও ২৪ অক্টোবর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ পালন করে ‘ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ’, যা পুরো অঞ্চলে তীব্র অস্থিরতা তৈরি করে। আর এই ঘটনার প্রমাণ দাবিতে ফেসবুকে বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়ে।  

ভিডিও ১ঃ 

প্রথম ভিডিওটিতে দাবি করা হয়, সাজেকে বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা অস্ত্র বহন করে নিয়ে যাচ্ছে। তবে ভিডিওটি পর্যবেক্ষণ করলে একপর্যায়ে এক ব্যক্তির পোশাকে ফিলিপাইনের পতাকা দেখতে পাওয়া যায়।

পরবর্তীতে ভিডিওটির উৎস ও প্রেক্ষাপট নিশ্চিত হতে বিভিন্ন কি-ফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে ‘Emantas Airsoft’ নামক একটি ফেসবুক পেজে হুবহু ভিডিওটি খুঁজে পাওয়া যায়, যা ২০২৬ সালের ১৯ অক্টোবর আপলোড করা হয়েছিল। ক্যাপশনে উল্লেখ করা হয় এটা একটি ফ্রেন্ডলি গেমের দৃশ্য এবং বন্দুকগুলো প্লাস্টিকের বিবি (BB) ব্যবহার করে এয়ারসফট ইলেকট্রিক খেলনা বন্দুক।

পাশাপাশি, পেজটির  বিবরণ থেকে জানা যায় যে, এটি ফিলিপাইনের এয়ারসফট গেমারদের তৈরি একটি পেজ। এছাড়াও, পেজটিতে থাকা বিভিন্ন ইভেন্ট পোস্ট এবং ম্যাচের ঘোষণা থেকে নিশ্চিত হওয়া যায় যে তাদের মূল কার্যক্রম ফিলিপাইনের এন্টিক প্রদেশের সিবালোম (Sibalom) এবং সান জোসে (San Jose) শহর ভিত্তিক।

ভিডিও ২ঃ 

দ্বিতীয় ভিডিওতে প্রচার করা হয়, ভারত-সমর্থিত ইউপিডিএফ এবং আরাকান আর্মির সদস্যরা বান্দরবানে যৌথ সামরিক প্রশিক্ষণ চালাচ্ছে। তাই ভিডিওটির সত্যতা যাচাইয়ে কি-ফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করা হয়। ফলে ‘Derhasar Brahma’ নামের একটি ফেসবুক পেজে ২০২৬ সালের ২ সেপ্টেম্বর প্রচারিত অনুরূপ ফুটেজ পাওয়া যায়। অনুসন্ধানে দেখা যায়, এটি একটি শুটিংয়ের ‘বিহাইন্ড দ্য সিন’ এর দৃশ্য।

Derhasar Brahma ভারতের আসামের একজন ভিডিও নির্মাতা। এই ভিডিও ছাড়াও সেখানে শুটিংয়ের আরও কিছু ভিডিও পাওয়া যায়। সেখানে #movies ও #BehindTheScenes হ্যাশট্যাগের ব্যবহার পাওয়া যায়। সেখানে পেশাদার ক্যামেরা ও মনিটরের উপস্থিতি স্পষ্ট ছিল।

ভিডিও ৩ঃ 

তৃতীয় ভিডিওতে দাবি করা হয়, সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র পাহাড়ি গোষ্ঠী গোলাবর্ষণ করছে। এই ভিডিওটির বিভিন্ন কি-ফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করা হলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘Daily Mail’ এর ইউটিউব চ্যানেলে এ ২০২৩ সালের ১৭ জুলাই আপলোডকৃত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওর শিরোনাম থেকে জানা যায় এটি ইউক্রেনের বিশেষ বাহিনী কর্তৃক একটি রুশ ট্রাকের ওপর হামলার পুরোনো যুদ্ধকালীন দৃশ্য। ‘Daily Sun’ এর ইউটিউব চ্যানেলেও একই ভিডিও পাওয়া যায়।  ইউক্রেন যুদ্ধের এই আসল ফুটেজটি কেটে তার মাঝে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন দৃশ্য জোড়া লাগিয়ে এই ভাইরাল ভিডিওটি তৈরি করা হয়েছে। 

ভিডিও ৪ঃ 

চতুর্থ ভিডিওতে দাবি করা হয়, বর্তমান সাজেক পাহাড়ে বেশ কিছু তরুণ সংগঠিত হয়ে বিপুল পরিমাণ আসল অস্ত্র সংগ্রহ ও সাজিয়ে রাখছে। এই ভিডিওটির কি-ফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে ‘Arakan Mono Channel’ নামক ফেসবুক পেজে ভাইরাল ভিডিওটির অনুরূপ একই ভিডিও পাওয়া যায়। সেখানে ভিডিওটির মূল সোর্স হিসেবে ‘Kyaukse Revolutionary Army’-এর নাম উল্লেখ করা  ছিল। সেই সূত্রের ওপর ভিত্তি করে অনুসন্ধান চালিয়ে পরবর্তীতে ‘Kyaukse Revolutionary Army’ নামক ফেসবুক পেজেও হুবহু ভিডিওটি পাওয়া যায়, যা ২০২৬ সালের ২২ সেপ্টেম্বর সেখানে আপলোড করা হয়েছিল।

পেজের তথ্য অনুযায়ী জানা যায় যে, এটি মূলত মিয়ানমারের মান্দালয় অঞ্চলের কিউকসে (Kyaukse) জেলার সামরিক জান্তাবিরোধী একটি সশস্ত্র গোষ্ঠী ‘কিউকসে রেভল্যুশনারি আর্মি’র ভিডিও। 

অর্থাৎ, চারটি আলাদা আলাদা দেশের ভিন্ন প্রেক্ষাপটের ভিডিওকে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও সাজেক অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনার দৃশ্য দাবি করা হচ্ছে। তাই সবকিছু বিবেচনা করে ভাইরাল হওয়া ভিডিওগুলোর সাথে সংশ্লিষ্ট দাবিকে ফ্যাক্টওয়াচ মিথ্যা হিসেবে সাব্যস্ত করেছে। 

Claim:
রাঙামাটির সাজেকে সাম্প্রতিক উত্তেজনাকে কেন্দ্র করে সম্প্রতি ফেসবুকে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে সাজেকের ঘটনা উল্লেখ করে 'সশস্ত্র গোষ্ঠীর মহড়া', 'প্রশিক্ষণ', 'গোলাবর্ষণ' ও 'অস্ত্র সংগ্রহের চিত্র' ইত্যাদি বলা হয়েছে।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh