শেখ হাসিনা ও শেখ রেহানাসহ কয়েকজন ব্যাক্তির একটি ছবি শেয়ার করে সম্প্রতি ফেসবুকে দাবি করা হচ্ছে, দিল্লিতে একটি নিউজ কনফারেন্সের ছবি এটি। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি ২০২২ সালে ঢাকায় তোলা ছবি।
ছবিটি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে, বাংলাদেশ আওয়ামী লীগের ফেরিভায়েড ফেসবুক পেজে একটি পোস্ট পাওয়া যায়। ২০২২ সালের ১৯ ডিসেম্বরের এই পোস্টে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিখ্যাত ফরাসি ফটোগ্রাফার অ্যান ডি হেনিং।
১৯৭১-৭২ সালে বাঙালির কালজয়ী ইতিহাস ক্যামেরায় ধারণ করেছিলেন বিখ্যাত ফরাসি ফটোগ্রাফার অ্যান ডি হেনিং। ছবিগুলো দীর্ঘ ৫০ বছর পর প্রকাশ্যে এনে প্রদর্শনীর আয়োজন করেছে Samdani Art Foundation এবং CRI ।” এই পোস্টে আলোচ্য ছবটিসহ মোট চারটি ছবি রয়েছে।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে প্রথম আলোর একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২২ সালের ২৪ ডিসেম্বরে প্রকাশিত এই প্রতিবেদন থেকে জানা যায়, ফরাসি আলোকচিত্রী অ্যান ডি হেনিংয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দুর্লভ ছবি তুলেছেন। সেই ছবিগুলো নিয়েই একক প্রদর্শনী হয়েছিল রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে। প্রদর্শনী উপলক্ষে বাংলাদেশে এসেছিলেন অ্যান ডি হেনিং।
আরও অনুসন্ধানে চ্যানেল টুয়েন্টিফোরের একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে জানা যায়, বিখ্যাত এই ফটোগ্রাফার ২০২২ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাত করেছিলেন।
আলোচ্য ছবিটি এই সাক্ষাতের সময়ের।
কাজেই, শেখ হাসিনার ছবিটি দিল্লিতে সাম্প্রতিক সময়ে তোলা নয়। ফলে সঙ্গত কারণে, এ ধরনের ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: শেখ হাসিনা ও শেখ রেহানাসহ কয়েকজন ব্যাক্তির একটি ছবি শেয়ার করে সম্প্রতি ফেসবুকে দাবি করা হচ্ছে, দিল্লিতে একটি নিউজ কনফারেন্সের ছবি এটি।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh