‘দৈনিক আমার দেশ’- এর ফটোকার্ডের আদলে নির্মিত একটি ফটোকার্ডের মাধ্যমে কুমিল্লা-৩ আসনের বিএনপির প্রার্থীর মনোনয়ন সম্পর্কিত একটি খবর অনলাইনে ছড়িয়ে পড়েছে। শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের দলীয় মনোনয়ন নিশ্চিতের খবরের পাশাপাশি এই ফটোকার্ডে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, তিনি জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী ছিলেন। অনুসন্ধানে দেখা যাচ্ছে, দৈনিক আমার দেশের ফেসবুক পেজ থেকে এমন কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়নি। আমার দেশের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে এই কার্ডটি তাদের নয়।
এসব ফটোকার্ডের শিরোনাম ছিল- ’কুমিল্লা-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী কায়কোবাদ।’
এই ফটোকার্ডে বেশ কয়েকটি অসঙ্গতি চোখে পড়ছে। যেমন-
১। দৈনিক আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে দেখা যাচ্ছে, তাদের ফটোকার্ডগুলোর শিরোনামের শেষে সাধারণত দাঁড়ি (।) ব্যবহার করা হয় না। এমন কয়েকটা ফটোকার্ড দেখতে পাবেন এখানে,এখানে।
কিন্তু ফেসবুকে ছড়িয়ে পড়া এই কার্ডে শিরোনামের শেষে দাঁড়ি যুক্ত করা হয়েছে।
২। এই ফটোকার্ডে তারিখ হিসেবে ২৬ ডিসেম্বর ২০২৫ উল্লেখ করা হয়েছে। কিন্তু দৈনিক আমার দেশ এর পেজ থেকে এই তারিখে এমন কোনো কার্ড আপলোড করা হয়নি।
৩। কার্ডের নিচের দিকে ওয়েবসাইটের ঠিকানা এবং ‘বিস্তারিত কমেন্টে’ কথা দু’টি বেশ ঝাপসা হয়ে আছে। আসল পেজ থেকে প্রকাশিত কার্ডে এমন কোনো ঝাপসা ভাব নেই।
সর্বোপরি ২৭ ডিসেম্বর আমার দেশ এর পেজ থেকে ভিন্ন আরেকটি পোস্টের মাধ্যমে জানানো হয়, “আবারও আমার দেশের ভু/য়া ফটোকার্ড বানিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপ/চেষ্টা। এ ব্যাপারে পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের সচেতন থাকার অনুরোধ করা যাচ্ছে।” (বানান অপরিবর্তিত রাখা রয়েছে)
গত ৩ নভেম্বর ২০২৫ তারিখে বিএনপির পক্ষ থেকে ২৩ টি সংসদীয় আসনে এমপি প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছিল। এই তালিকায় কুমিল্লা-৩ আসনে পুনরায় জনাব কায়কোবাদ কে মনোনয়ন প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় তিনি এই আসনে দলীয় মনোনয়নপত্র জমা দেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।
অর্থাৎ, এই ফটোকার্ডে উল্লেখিত সব তথ্যই সঠিক। তবে নির্বাচনের পূর্বের সংবেদনশীল সময়ে একজন প্রার্থীর ভিন্ন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতার এই তথ্যযুক্ত ফটোকার্ডটি আমার দেশ এর পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।
সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই ফটোকার্ডগুলোকে বিকৃত সাব্যস্ত করছে।
Claim: A photo card circulating online claims that BNP’s nominee for the Comilla-3 constituency is former Jatiya Party state minister Shah Mozzamel Hossain Kaykobad. Although the information in the card is factually correct, the card was falsely attributed to Daily Amar Desh. Investigation shows that no such photo card was published on the official Facebook page of the newspaper. Several visual inconsistencies also indicate that the card is fake. Daily Amar Desh has officially denied the card and warned readers about such misinformation. Therefore, FactWatch rates these photos as ‘Altered’
Claimed By: Facebook Users
Rating: Mostly false
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh