সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, ‘চট্টগ্রামে লোহাগড়ায় এক স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর গণধর্ষণ পরে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি বাংলাদেশের বর্তমান সরকার।’ কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে এটা ভারতের হুগলী জেলার ঘটনা। সেখানকার সিঙ্গুরে অবস্থিত ‘শিবম সেবাসদন’ নার্সিংহোমে দিপালী জানা নামের এক নার্সের অস্বাভাবিক মৃত্যুর ভিডিও। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে সিঙ্গুর থানার পুলিশ। সুতরাং ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল দাবিটি মিথ্যা।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পর্কে জানার জন্য শুরুতেই রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে সৌমি নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ভাইরাল ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২০২৫ সালের ১৫ আগস্ট আপলোড করা এই ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয় “ভারতের নন্দীগ্রামের রায়নগর এর বাসিন্দা সুকুমার জানা’র মেয়ে দিপালী জানাকে ধর্ষণ করে খুন করলো। ব্যাঙ্গালোরে নার্সিং কোর্স শেষ করে ৩ দিন আগে সিঙ্গুরের শিবম সেবা সদন নামের এক নার্সিংহোমে কাজে যোগ দিয়েছিলেন। গতকাল রাতে নার্সিং হোম থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষন করে খুন করা হয়।”
এই সূত্র ধরে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড নিয়ে অনুসন্ধান করা হলে ভারতীয় সংবাদমাধ্যম Republic Bangla এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি রিপোর্ট পাওয়া যায়। ২০২৫ সালের ১৪ আগস্ট আপলোড করা এই রিপোর্টে একটি সিসিটিভি ফুটেজ খুঁজে পাওয়া যায়। রিপোর্টেও মৃত এই নারীর নাম দিপালী জানা উল্লেখ করা হয়। বলা হয়, মারা যাওয়ার তিন দিন আগেই নার্সিংহোমের কাজে যোগ দেয় ‘দিপালী জানা’। পাশাপাশিএই রিপোর্টে দেখানো মৃত নারীর পোশাক, চেহারা এবং তার মৃতদেহ ঢেকে রাখার কাপড়ের সাথে ভাইরাল ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।
দিপালী জানা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমায় অবস্থিত নন্দীগ্রামের রায়নগরের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম সুকুমার জানা। Hindustan Times Bangla এবং Zee 24 Ghanta এ উল্লেখ করা পুলিশের সূত্র অনুযায়ী, কয়েক দিন আগে বেঙ্গালুরুর জিএনএম কলেজ থেকে নার্সিং পড়া শেষ করে দীপালি। এক বান্ধবীর মাধ্যমে সিঙ্গুর শহরে ‘শিবম সেবাসদন’ নার্সিংহোমে কাজের সুযোগ পান। পূর্ব মেদিনীপুরের এগরা এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের টানাপোড়েন চলছিল তার। এই নিয়ে নার্সিংহোম থেকে বেরিয়ে যাওয়ায় ১৩ আগস্ট বুধবার দিপালীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন নার্সিংহোম মালিক। তারপর বুধবার রাতেই নার্সিংহোমের ৪ তলার একটি ঘর থেকে দিপালীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ‘শিবম সেবাসদন’ নার্সিংহোমের মালিক ও দিপালীর প্রেমিককে গ্রেপ্তার করেছে সিঙ্গুর থানার পুলিশ।
অন্যদিকে, ‘চট্টগ্রামের লোহাগড়ায় দুর্বৃত্তরা এক স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর গণধর্ষণ পরে শ্বাসরোধ করে হত্যা করেছে’ এই দাবির সমর্থনে নির্ভরযোগ্য কোনো মাধ্যম থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির উপর ভিত্তি করে করা দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।
Claim: চট্টগ্রামে লোহাগড়ায় এক স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর গণধর্ষণ পরে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh