মিরপুরে আগুন লাগার দাবিতে ছড়ালো ভিন্ন স্থানের পুরোনো ভিডিও

77
মিরপুরে আগুন লাগার দাবিতে ছড়ালো ভিন্ন স্থানের পুরোনো ভিডিও
মিরপুরে আগুন লাগার দাবিতে ছড়ালো ভিন্ন স্থানের পুরোনো ভিডিও

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গতকাল শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের মধ্যেই দেশের আরও বেশ কিছু জায়গায় আগুনের ঘটনা ঘটে। এসব ঘটনার প্রেক্ষাপটে ফেসবুকে ২৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি রাজধানীর মিরপুরে আগুন লাগার ভিডিও। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি মিরপুরের নয় এবং এটি ৭ মাস আগের ঘটনা। 

এই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

ভিডিওটি থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে বেসরকারি টিভি চ্যানেল সময় টিভির ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে বিদ্যমান ফুটেজের সঙ্গে মিরপুরে আগুন লাগার দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, এটি রাজধানীর খিলগাঁওয়ের ঘটনা। 

মিরপুরে আগুন লাগার দাবিতে ছড়ালো ভিন্ন স্থানের পুরোনো ভিডিও

পরে আরও খুঁজে ইনফোগ্রাম বিডি নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও গত ২১ ফেব্রুয়ারিতে পোস্ট করা একটি ভিডিওতেও একই ফুটেজ পাওয়া যায়। পোস্টটিতেও এটি ঢাকার খিলগাঁওয়ে একটি ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। 

মিরপুরে আগুন লাগার দাবিতে ছড়ালো ভিন্ন স্থানের পুরোনো ভিডিও

প্রসঙ্গত, গত ২১ ফেব্রুয়ারি রাজধানীর খিলগাঁওয়ের একটি স’মিলে আগুন লাগে। যা পরে ছড়িয়ে পড়ে আশপাশে। এই আগুনে পুড়েছে পাশের আরও একটি স’মিল এবং ২০টি দোকান। 

এই ঘটনায় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে, এখানে। 

এসব তথ্যের ভিত্তিতে এটি নিশ্চিত হওয়া যায় যে, মিরপুরে আগুন লাগার দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার এবং পুরোনো। এ ছাড়া গতকাল শনিবার (১৮ অক্টোবর) রাতে মিরপুরের কোথাও বড় ধরনের আগুন লাগার কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে ফ্যাক্টওয়াচ এই ধরনের দাবিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
ফেসবুকে ২৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি রাজধানীর মিরপুরে আগুন লাগার ভিডিও।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh