ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ওসমান হাদীর কবর সরিয়ে নিচ্ছে। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, দাবিটি ভিত্তিহীন। ওসমান হাদীর কবর সরিয়ে নেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সিদ্ধান্তের ব্যাপারে জানা যায়নি। এই দাবিতে যেই ছবিটি প্রচার হয়েছে, সেটি মূলত হাদী মারা যাওয়ার পর তার কবর প্রস্তুতির।
ছবিটি রিভার্স ইমেজ সার্চে দৈনিক শিক্ষা নামের একটি ওয়েবসাইটের প্রতিবেদনে পাওয়া যায়। ২০২৫ সালের ২০ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, এটি তাকে সমাহিত করার পূর্ব প্রস্তুতির ছবি।
সংবাদ লাইভ২৪ নামের একটি ওয়েবসাইটেও ওই সময় প্রকাশিত প্রতিবেদনে একই তথ্য ও ছবি পাওয়া যায়।
এ ছাড়া অন্যান্য সংবাদমাধ্যমেও এই ছবিটির ভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা আরেকটি সংস্করণ পাওয়া যায়। এসব প্রতিবেদন থেকে জানা যায়, আততায়ীর গুলিতে আহত হওয়ার পর পরবর্তীতে চিকিৎসাধীন মারা যাওয়া ওসমান হাদীকে সমাধিস্থ করার উদ্দেশ্যে ঢাবিতে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে প্রস্তুতি নেওয়া হয়। পরবর্তীতে তাকে এখানেই দাফন করা হয়।
প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম সরিয়েছে হল প্রশাসন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের প্রধান ফটকে নাম পরিবর্তনের কাজ শুরু করা হয়।
এর বাইরে ওসমান হাদীর কবর সরিয়ে নেওয়ার ব্যাপারে ঢাবি প্রশাসনের কোনো উদ্যোগের খবর নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। তাই দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ওসমান হাদীর কবর সরিয়ে নিচ্ছে
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh