সম্প্রতি ফেসবুকে ডোনাল্ড ট্রাম্পের প্রেস ব্রিফিং দাবিতে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ক্যাপশনে দাবি করা হচ্ছে, তিনি ড. ইউনূসের প্রশংসা করেছেন। এছাড়াও ট্রাম্পের বক্তব্য দাবিতে উল্লেখ করা হয়েছে যে, “ইউনূস আমার বন্ধু এবং তিনি অত্যন্ত উচ্চ ব্যক্তিত্বসম্পন্ন লোক”। ট্রাম্প আরও বলেন, “বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নিয়ে খুবই ভালো করছেন ইউনূস।” কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, প্রেস ব্রিফিংয়ের এই ভিডিওটি এডিট করা হয়েছে। ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে অংশগ্রহণ করার সময়কার দৃশ্য এটি৷ সেখানে তিনি ড. ইউনূস সম্পর্কে কোনো বক্তব্য দেননি৷ মূল ভিডিওতে এআই দিয়ে তৈরি অডিও যুক্ত করে বিকৃত করা হয়েছে৷
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির উৎস খুঁজে পাওয়ার জন্য শুরুতেই একে ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে FOX News এর এক্স আকাউন্ট থেকে ২০২৫ সালের ১ মে আপলোড করা ভাইরাল ভিডিওটির পূর্বসংস্করনের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখান থেকে জানা যায় চলতি বছর ৩০ এপ্রিল ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে অংশগ্রহণ করার ভিডিও এটি। এই ভিডিওর সাথে ভাইরাল ভিডিওর বেশ কিছু মিল পাওয়া যায়। যেমনঃ ট্রাম্পের দুই পাশে মার্কো রুবিও (Marco Rubio) এবং পিট রিকেটস (Pete Ricketts), তাদের সামনে থাকা ক্যাপ ইত্যাদি। এর কিছু নমুনা নিচে তুলে ধরা হলঃ
এরপরে, প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে সার্চ করে এই প্রেস ব্রিফিংয়ের সম্পূর্ণ ভিডিও এবং ট্রান্সক্রিপ্ট পায় ফ্যাক্টওয়াচ টিম। সেগুলো পর্যালোচনা করে মূল ভিডিওতে ড. ইউনূস সম্পর্কে কোনো কথার উল্লেখ পাওয়া যায়নি। ডোনাল্ড ট্রাম্প সেখানে মূলত সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন, অর্থনীতি ও বাণিজ্যসহ নানা বিষয়ে কথা বলেছিলেন।
মূল ভিডিওতে থাকা অডিওর সাথে ভাইরাল ভিডিওর অডিওটি ভিন্ন। তাই ফেসবুক এসব পোস্টের ভিডিও থেকে অডিওটি ডাউনলোড করা হয়। পরবর্তীতে এআই ডিটেকশন টুল ‘ডিপফেক ও মিটার’ দিয়ে অডিওটি যাচাই করা হয়। টুলটি বিভিন্ন মডেলের সাহায্যে অডিওটি বিশ্লেষণ করে জানায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। মূল ভিডিওর অডিও সরিয়ে দিয়ে এআই দিয়ে তৈরি অডিও যুক্ত করে ভাইরাল ভিডিওটি বানানো হয়েছে।
এছাড়া, ফ্যাক্টওয়াচের বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এমন অনেক টুল পাওয়া যায়, যেসব টুলের মাধ্যমে এমন অডিও বানানো সম্ভব।
সুতরা, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোষ্টগুলোকে বিকৃত হিসেবে চিহ্নিত করেছে।
Claim: সম্প্রতি ফেসবুকে ডোনাল্ড ট্রাম্পের প্রেস ব্রিফিং দাবিতে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে দাবি করা হচ্ছে, তিনি ড. ইউনূসের প্রশংসা করেছেন।
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh