সম্প্রতি ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, বাংলাদেশের আলোচিত অ্যালবিনো মহিষ, 'ডোনাল্ড ট্রাম্প', নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ট্রাম্পের এমন কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। মহিষ নিয়ে ট্রাম্পের পোস্টটি এডিট করে বানানো।
দাবিকৃত পোস্টগুলোতে ভারতীয় সংবাদমাধ্যম ‘প্রথম কলকাতা’র একটি ফটোকার্ড রয়েছে। গণমাধ্যমটির ফেসবুক পেজে সার্চ করলে গত ২৪ মে (রবিবার) প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটির ক্যাপশনে লেখা ‘বাংলাদেশের বিখ্যাত মহিষের ছবি পোস্ট করে মজার প্রতিক্রিয়া ট্রাম্পের’।
দাবিকৃত ফটোকার্ডে ট্রুথ সোশ্যালের একটি পোস্টের স্ক্রিনশট দেখানো হয়েছে। সেখানে ট্রাম্পের নামে লেখা আছে, ‘বাংলাদেশে এখন “ডোনাল্ড ট্রাম্প” নামের একটি মহিষ আছে। খুবই শক্তিশালী মহিষ, ভীষণ বিখ্যাত মহিষ, সম্ভবত এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত মহিষ!… এত অসাধারণ একটি প্রাণী তৈরি করার জন্য বাংলাদেশকে অভিনন্দন। বিশাল সফলতা!’ স্ক্রিনশটের নিচের দিকে রয়টার্স সংবাদমাধ্যমে মহিষ ট্রাম্প নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের ছবি রয়েছে।
দাবিকৃত ট্রাম্পের ট্রুথ সোশ্যালের স্ক্রিনশটটি আরো কিছু ফেসবুক পোস্টে খুঁজে পাওয়া যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
অনুসন্ধানের শুরুতে, ট্রাম্পের অফিশিয়াল ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ২৩ মে ২০২৬ তারিখের পোস্টগুলো যাচাই করা হয়। কিন্তু ভাইরাল স্ক্রিনশটে করা দাবির পক্ষে কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। একই তারিখে তার এক্স (X) অ্যাকাউন্টে অনুসন্ধান চালানো হয়। সেখানেও এ ধরনের কোনো পোস্ট খুঁজে পাওয়া যায় না।
এছাড়া, ভাইরাল স্ক্রিনশটটি বিশ্লেষণ করলে কিছু অসঙ্গতি পাওয়া যায়। ট্রুথ সোশ্যালের আসল পোস্টগুলোতে তারিখ ও সময় কেবল একটি জায়গায় দেখা যায়। কিন্তু দাবিকৃত স্ক্রিনশটে পোস্টের ওপরে ও নিচে, দুই আলাদা জায়গায় তারিখ ও সময় রয়েছে। এছাড়া, স্ক্রিনশটে ব্যবহৃত প্রোফাইল ছবিটি ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্রোফাইলের সঙ্গে মিল নেই।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে এ বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ২২ মে ২০২৬-এ বাংলাদেশের এই মহিষ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। প্রতিবেদন থাকা ছবিটির সাথে দাবিকৃত স্ক্রিনশটের নিচের অংশের মিল রয়েছে।
অর্থাৎ, রয়টার্স প্রকাশিত ছবি ব্যবহার করে ট্রাম্পের ভুয়া পোস্টটি এডিট করে তৈরি করা হয়েছে। ভুয়া পোস্টকে সত্য দাবিতে ভারতীয় গণমাধ্যম ‘প্রথম কলকাতা’ একটি ফটোকার্ড প্রকাশ করেছে।
তাই ট্রাম্প নামের মহিষ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করার দাবিতে প্রচারিত পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ বলে চিহ্নিত করেছে।
প্রতিবেদনটি লিখেছেন, শিবলী সাদিক সিফাত।
Claim: বাংলাদেশের আলোচিত অ্যালবিনো মহিষ, 'ডোনাল্ড ট্রাম্প', নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh