সৌদি আরবে ওমরাহ পালন শেষে ফেরার পথে গত ১৫ ফেব্রুয়ারি (রোববার) সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৪জন ও গাড়িচালকসহ মোট ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন ওই পরিবারের মেজো মেয়ে ফাইজা আক্তার। জেদ্দার একটি হাসপাতালে ভর্তি থাকার পর সোমবার (২৩ ফেব্রুয়ারি) ফাইজা তার মামার সাথে দেশে ফিরে। এই ঘটনা ঘিরে ফেসবুকে দাবি করা হচ্ছে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অসুস্থ অবস্থা থেকে উঠে হাসপাতাল থেকে ফিরেই ফাইজার সঙ্গে দেখা করেছেন। দাবিটির পক্ষে ফেসবুকে একটি ছবিও প্রচার করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি এআই জেনারেটেড। এছাড়া জামায়াতে ইসলামীর আমিরের ওই মেয়ের সঙ্গে দেখা করার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
দাবিটির সত্যতা যাচাইয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন কোনো ছবি বা ফাইজার সঙ্গে দেখা করার ব্যাপারে কোনো পোস্ট পাওয়া যায়নি। জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজেও এমন কোনো ছবি বা পোস্ট নেই।
এই পেজে জামায়াতের আমিরের গতকাল বুধবারের (২৫ ফেব্রুয়ারি) বেশ কিছু কার্যক্রমের আপডেট পাওয়া যায়। যেমন, তার জামায়াতে ইসলামী কাফরুল উত্তর ও দক্ষিণ থানার উদ্যোগে মনিপুর উচ্চবিদ্যালয় (ব্রাঞ্চ-২, ইব্রাহিমপুর) প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ, ২৫ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারতে অংশগ্রহণ।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ফাইজা গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মামার সঙ্গে সৌদি আরব থেকে বাড়িতে পৌঁছায়। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে দেশের কোনো সংবাদমাধ্যমেও লক্ষ্মীপুরে গিয়ে পরিবারহারা ফাইজার সঙ্গে জামায়াতে আমিরের দেখা করার কোনো তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে আরও জানতে ফ্যাক্টওয়াচ থেকে এনপিবি নিউজ নামে একটি অনলাইন পোর্টালের লক্ষ্মীপুরের সাংবাদিক নূর উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি খোঁজ নিয়ে জানান, ফাইজা রামগঞ্জের বাড়িতে অবস্থান করছে। সেখানে তার সঙ্গে দেখা করতে জামায়াতের আমিরের লক্ষ্মীপুরের রামগঞ্জে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। ঢাকাতেও ফাইজার সঙ্গে জামায়াতে আমিরের দেখা করার কোনো সত্যতা পাওয়া যায়নি।
এছাড়া ভাইরাল ছবিটি খেয়াল করলে বেশ কিছু অস্বাভাবিক বিষয় লক্ষ্য করা যায়। ছবিতে থাকা জামায়াতের আমির কিংবা আহত মেয়েটির চেহারা পুরোপুরি মিলছে না। বিছানায় আমিরের বসার ভঙ্গিটাও কিছুটা অস্বাভাবিক মনে হয়।
এসব কারণে জামায়াতের আমিরের সঙ্গে ফাইজার ছবিটি এআই জেনারেটেড কিনা সেটি যাচাই করে দেখা হয়। একাধিক এআই ডিটেক্টর টুল ছবিটিকে এআই জেনারেটেড হিসেবে শনাক্ত করেছে।
এর মধ্যে গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থ আইডি জানায়, এটি গুগল এআইয়ের সাহায্যে তৈরি বা এডিট করা হয়েছে।
প্রসঙ্গত, গুগল তাদের এআই প্রযুক্তি দিয়ে তৈরি ছবি, ভিডিও, অডিও বা টেক্সটে অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও বিশেষ প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা যায়। কোনো ছবি গুগল এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কি না জানতে চাইলে জেমিনিতে ছবিটি আপলোড করে এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী টুল সিন্থআইডিকে জিজ্ঞেস করলে টুলটি ওয়াটারমার্ক আছে কি না পরীক্ষা করে জানানোর চেষ্টা করে।
এসব অনুসন্ধানের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পরিবারহারা ফাইজার সঙ্গে জামায়াতের আমিরের দেখা করার দাবিতে প্রচারিত ছবিটিকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে।
Claim: চিনতে পারছেন মেয়েটাকে, তার পুরো পরিবার যে সৌদি আরবে দুর্ঘটনা সবাই মারা গেছে। ওই ছোট্ট মেয়ের সাথে আমিরে জামায়াত আজ হসপিটাল থেকে ফিরেই দেখা করছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh