সম্প্রতি ফেসবুকে একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, নিহত শিশু রামিসার বাবাকে ১০ লক্ষ টাকার চেক দিলেন জামায়াতের আমির। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, অন্য একটি ছবিকে এডিট করে শফিকুর রহমানের মুখ ও টাকার চেক বসানো হয়েছে।
ছবিটিতে রিভার্স ইমেজ সার্চে একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়।
কর্নেল আব্দুল বাতেনের ফেরিভায়েড (ব্লু টিক যুক্ত) ফেসবুক আইডি থেকে ২০ মে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে বলা হয়, “নির্মমভাবে হত্যার শিকার শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন (অব.)।” এই ভিডিওতে দেখা যায়, নিহত শিশু রামিসার বাবা কথা বলছেন, আর তাকে স্বান্তনা দিচ্ছেন এক ব্যক্তি। অনুসন্ধানে দেখা যায়, তিনি জামায়াতের ঢাকা- ১৬ আসনের এমপি। এই ভিডিওতে চেক প্রদানের কোনো দৃশ্য নেই। তবে এই ছবিতে আব্দুল বাতেনের পরনের পাঞ্জাবির সঙ্গে আলোচ্য ছবিতে শফিকুর রহমানের পরনের পাঞ্জাবির সাদৃশ্য রয়েছে। এছাড়া, আলোচ্য ছবিটির অন্যান্য ব্যক্তি এবং ঘরের আবহের সঙ্গেও এই ভিডিওর মিল দেখা যায়।
জামায়াতের আমিরের ফেসবুক আইডি অনুসন্ধান করে শিশু রামিসার মৃত্যু নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। তবে রামিসার পরিবারার সঙ্গে দেখা করতে যাওয়ার কোনো তথ্য অথবা ছবি সেখানে নেই। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, তিনি গতকাল ২০ মে হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
সবদিক পর্যালোচনা করে এটিই প্রতীয়মান হয় যে, রামিসার বাবার সঙ্গে এমপি আব্দুল বাতেনের সাক্ষাতের ভিডিও থেকে একটি ফ্রেম নিয়ে সেটিকে এডিট করে শফিকুর রহমানের মুখ বসিয়ে ফেসবুকে ছড়ানো হচ্ছে। ফলে সঙ্গত কারণে, এ ধরনের পোস্টগুলোকে বিকৃত হিসেবে সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: সম্প্রতি ফেসবুকে একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, নিহত শিশু রামিসার বাবাকে ১০ লক্ষ টাকার চেক দিলেন জামায়াতের আমির।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh