সম্প্রতি ফেসবুকে ‘চ্যানেল 24’ এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ছে। সেখানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে উদ্ধৃত করে বলা হচ্ছে, "গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য স্বল্প পরিসরে প্রচার করা যাবে।" কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, ‘চ্যানেল 24’ এর একটি আসল ফটোকার্ডের শিরোনাম পরিবর্তন করে এই ভুয়া কার্ডটি তৈরি করা হয়েছে।
ভাইরাল এই ফটোকার্ডটিতে ডা. জাহেদ উর রহমানের একটি ছবি ব্যবহার করা হয়েছে। ‘চ্যানেল 24′ চলতি বছরের ৪ আগস্ট এই একই ছবি সংবলিত একটি ফটোকার্ড প্রকাশ করে। তবে সেটির শিরোনাম ছিল, “গণমাধ্যমে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা”। আসল কার্ডের এই বক্তব্যটিকে সম্পূর্ণ উল্টে ভুয়া উক্তিটি বসিয়ে দেওয়া হয়। এছাড়া বানানো কার্ডটির ফন্টের সঙ্গে ‘চ্যানেল 24’ এর ফন্টের কোনো মিল পাওয়া যায়নি।
এই সংবাদ সম্পর্কিত ডা. জাহেদ উর রহমানের মূল বক্তব্যের ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে, ভিডিওর কোথাও তিনি শেখ হাসিনার বক্তব্য “স্বল্প পরিসরে প্রচার করা যাবে”- এমন কোনো কথা বলেননি। সেখানে গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য প্রচার সংক্রান্ত সরকারের কঠোর আইনি অবস্থানের কথাই তুলে ধরা হয়।
অর্থাৎ, “গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য স্বল্প পরিসরে প্রচার করা যাবে” শীর্ষক ‘চ্যানেল 24’- এর লোগো ও ডা. জাহেদ উর রহমানের ছবিযুক্ত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডগুলোকে বিকৃত হিসেবে চিহ্নিত করেছে।
Claim: গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য স্বল্প পরিসরে প্রচার করা যাবে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh