ভারতের শিক্ষক প্রশিক্ষণের ভিডিও দীপু মনির সময়ের দাবিতে প্রচার 

33
ভারতের শিক্ষক প্রশিক্ষণের ভিডিও দীপু মনির সময়ের দাবিতে প্রচার 
ভারতের শিক্ষক প্রশিক্ষণের ভিডিও দীপু মনির সময়ের দাবিতে প্রচার 

সাবেক আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সময়ে দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা বোঝাতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওটিতে একজন ব্যক্তিকে শ্রেণীকক্ষের মতো স্থানে অভিনয় করে 'টিলিং টিলিং সাইকেল চলাই' শিরোনামে একটি শিশুতোষ ছড়া আবৃত্তি করতে শোনা যায়। তার সঙ্গে ওই শ্রেণীকক্ষে উপস্থিত ব্যক্তিরাও ছড়াটা অভিনয় সহকারে আবৃত্তি করছিলেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এটি বাংলাদেশের কোনো ভিডিও নয়, বরং ভারতের আসামের একটি স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণের দৃশ্য।

ফেসবুকে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

অনুসন্ধানে ভিডিওটি রতন লাল সাহা নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া যায়। এখানে ভিডিওটি ২০২৩ সালের ১৭ নভেম্বর পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা, ‘FLN Training on Poem Poster for oral Language Development.’ শ্রেণীকক্ষটিতে থাকা ব্ল্যাকবোর্ডটিতে একটি ব্যানারও ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এতে ‘ধুবরী, অসম’ লেখা দেখা যায়।  

পরবর্তীতে রতন লাল সাহার আইডি থেকে জানা যাচ্ছে, তিনি আসামের ধুবড়ি জেলায় বসবাসরত একজন শিক্ষক। 


প্রসঙ্গত, একই ভিডিও পূর্বে ২০২৩ সালে বাংলাদেশে চালু হওয়া নতুন শিক্ষাক্রমের অধীনে শিক্ষক প্রশিক্ষণের দৃশ্য হিসেবে ভাইরাল হয়েছিল। তখন এটি নিয়ে ফ্যাক্টওয়াচসহ দেশের বিভিন্ন ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান প্রতিবেদন প্রকাশ করেছিল। ফ্যাক্টওয়াচের প্রতিবেদনটি দেখুন-

রতন লাল সাহা ওই সময় আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে জানান, তিনি আসামের আম্বারি শিশু কল্যাণ এলপি স্কুলের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি শিক্ষকদের প্রশিক্ষক হিসেবেও কাজ করেন। বাংলাদেশের শিক্ষকদের প্রশিক্ষণের দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রশিক্ষক হিসেবে তাকেই দেখা যাচ্ছে। এটি শিশুদের জন্য ভারত সরকারের জয়ফুল লার্নিং বা আনন্দদায়ক শিক্ষণ কার্যক্রমের এফএলএন ট্রেনিং বা ফান্ডামেন্টাল লিটারেসি অ্যান্ড নিউমেরাসি প্রশিক্ষণের অংশ। এখানে যে ছড়াটি আবৃত্তি করা হয়েছে, সেটি আসামের প্রথম শ্রেণির অঙ্কুরণ নামের একটি বইয়ে রয়েছে।

অর্থাৎ, ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ভারতের আসাম রাজ্য থেকে ধারণ করা। এটির সঙ্গে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি বা সাবেক আওয়ামী লীগ সরকারের সময়কার শিক্ষা ব্যবস্থার কোনো সম্পর্ক নেই। তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
সাবেক আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সময়ে দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh