চুরির অভিযোগে ইলেকট্রিক শক দেওয়া ব্যক্তিকে ছাত্রলীগ বলে প্রচার

16
চুরির অভিযোগে ইলেকট্রিক শক দেওয়া ব্যক্তিকে ছাত্রলীগ বলে প্রচার
চুরির অভিযোগে ইলেকট্রিক শক দেওয়া ব্যক্তিকে ছাত্রলীগ বলে প্রচার

সম্প্রতি ফেসবুকে এক যুবককে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ছে। ক্যাপশনে উল্লেখ করা হচ্ছে এটা কিশোরগঞ্জে খুঁটিতে বেঁধে ছাত্রলীগ নেতাকে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করার ভিডিও।" কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে ভিডিওটি কুমিল্লা আদর্শ সদর উপজেলার। চুরির অভিযোগে দুই যুবককে হাতেনাতে ধরে খুঁটির সাথে বেঁধে মারধর করে ইলেকট্রিক শক দেওয়ার দৃশ্য এটি।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

ভাইরাল ভিডিওটির বিভিন্ন অংশ (কি-ফ্রেম) নিয়ে অনুসন্ধান করলে Gtv News-এর ফেসবুক পেজে এই ঘটনার একটি পূর্ণাঙ্গ ভিডিও পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে স্পষ্টভাবে জানা যায় যে, ঘটনাটি কুমিল্লার। ভিডিওটিতে দেখা যায়, দুই যুবককে রশি দিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখা হয় এবং স্থানীয় লোকজন তাদের ওপর নির্যাতন চালাচ্ছে। মূল ভিডিওর শিরোনাম ও বিস্তারিত বর্ণনা থেকে নিশ্চিত হওয়া যায় যে এটি মূলত একটি মসজিদের ব্যাটারি চুরির ঘটনা। চুরির দায়ে হাতেনাতে ধরা পড়ার পর উত্তেজিত জনতা ওই দুই যুবককে তাৎক্ষণিক শাস্তি হিসেবে মারধর ও ইলেকট্রিক শক দেয়। 

এই ঘটনা সম্পর্কে  প্রথম আলো-তে প্রকাশিত একটি রিপোর্ট থেকে বিস্তারিত জানা যায়। ঘটনাটি ঘটেছিল ২০২৬ সালের ২৭ মার্চ, কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মনশাসন গ্রামে। স্থানীয় মনশাসন জামে মসজিদ থেকে মাইকের ব্যাটারি চুরির সময় নাঈম (২৫) এবং তার এক সহযোগীকে গ্রামবাসী হাতেনাতে ধরে ফেলে। এরপর তাদের খুঁটির সাথে বেঁধে মারধর ও ইলেকট্রিক শক দেওয়া হয়। পুলিশ জানায়, নির্যাতনের শিকার যুবকরা ওই এলাকায় পেশাদার চোর হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেলেও গ্রামবাসী তাদের পুলিশের হাতে সোপর্দ না করে মারধর করে ছেড়ে দিয়েছিল।

নির্ভরযোগ্য কোনো মাধ্যম থেকে ভিডিওর ব্যক্তিদের সাথে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তারা স্থানীয়ভাবে চুরির অভিযোগে অভিযুক্ত সাধারণ ব্যক্তি ছিলেন। 

তাই ফ্যাক্টওয়াচ ভিত্তিহীন এসব দাবিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
সম্প্রতি ফেসবুকে এক যুবককে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ছে। ক্যাপশনে উল্লেখ করা হচ্ছে এটা কিশোরগঞ্জে খুঁটিতে বেঁধে ছাত্রলীগ নেতাকে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করার ভিডিও।"

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh