ঢাকার ফুটপাতে রাজাকারদের গ্রাফিতি দাবিতে এআই জেনারেটেড ছবি 

46
ঢাকার ফুটপাতে রাজাকারদের গ্রাফিতি দাবিতে এআই জেনারেটেড ছবি 
ঢাকার ফুটপাতে রাজাকারদের গ্রাফিতি দাবিতে এআই জেনারেটেড ছবি 

ঢাকার সড়ক থেকে হকার উচ্ছেদ করে দেয়ালে রাজাকারদের ছবি আঁকার দাবিতে ফেসবুকে একটি ছবি ছড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত বেশ কয়েকজন জামায়াতে ইসলামীর নেতার ছবি। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যাচ্ছে, ছবিটি এআই জেনারেটেড। 

এমন কিছু পোস্ট লিংক এখানে, এখানে, এখানে, এখানে। 

ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ সার্চে নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যম সূত্রে এটির কোনো উৎস পাওয়া যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে নতুন রূপে সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে এলাকাটিতে মৎস ভবনের দিকে যেতে শিল্পকলা একাডেমির সীমানা প্রাচীরের উল্টো পাশে দখলমুক্ত ফুটপাতে নতুন ডাস্টবিন ও বিশ্রামের বেঞ্চও বসানো হয়েছে। 

ফুটপাতের পাশের দেয়ালে আঁকা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সাধক ফকির লালন শাহ, শিল্পাচার্য জয়নুল আবেদিন, প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, গুণী অভিনেতা হুমায়ুন ফরিদীসহ ১০ জন গুণী ব্যক্তিত্বের গ্রাফিতি। এর বাইরে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত কারও গ্রাফিতি আঁকার কোনো তথ্য পাওয়া যায়নি। 

ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ইংরেজিতে এম আর উদ্দীন (M R UDDIN) লেখা একটি জলছাপ রয়েছে। পরবর্তীতে এই নাম খুঁজে  একটি ফেসবুক অ্যাকাউন্ট পাওয়া যায়। এখানে গত সোমবার (১২ অক্টোবর) ছবিটি পোস্ট করা হয়। অ্যাকাউন্টটি ঘুরে দেখা যায়, এখানে বিভিন্ন সময়ে জামায়াত নেতাদের এআই জেনারেটেড ছবি পোস্ট করা হয়। এই সন্দেহ থেকে আলোচিত ছবিটিও এআই জেনারেটেড কিনা সেটি যাচাই করতে বেশ কিছু এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী টুলের সাহায্য নেওয়া হয়। 

টুলগুলোর বিশ্লেষণে দেখা যায়,  ছবিটি এআই জেনারেটেড হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। 

এসব বিশ্লেষণে এটি স্পষ্ট যে, ঢাকার সড়কের দেয়ালে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্তদের গ্রাফিতি আঁকার দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড। তাই ফ্যাক্টওয়াচ এই দাবিগুলোকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
ঢাকার সড়ক থেকে হকার উচ্ছেদ করে দেয়ালে রাজাকারদের ছবি

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh