সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদন থেকে জানা যায়, শামীমের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে ফেসবুকে লাইভ করেন ফজলুল হক আমিনী নামে এক ব্যক্তি। এই প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফজলুল হক আমিনীর ফেসবুক পেজ খুঁজে বের করে ফ্যাক্টওয়াচ।
এফএইচ আমিনী (Fh Ameni) নামের অ্যাকাউন্টটির ফলোয়ার সংখ্যা ১১ হাজার। লোকেশন দেওয়া সাতক্ষীরা। এখানে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে নিহত শামীমকে মুরতাদ আখ্যা দিয়ে ১৯ মিনিটের একটি লাইভ করা হয়। লাইভটিতে ফজলুল হক আমিনী সাতক্ষীরার দেবহাটার মুসলমানদের শামীমের বিচার না করা পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা দেন। লাইভে ৩ মিনিট থেকে একটি কল রেকর্ড শোনান তিনি। এই কলটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
তবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনে নিহত শামীমের ছোট ভাই সাগরকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘ দুই দিন আগে স্ত্রীর সঙ্গে শামীমের ঝগড়া হয়। ওই সময় তাদের কথাবার্তা আশপাশের কেউ রেকর্ড করে ছড়িয়ে দেন বলে তাদের ধারণা। এতে লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। ঝগড়ার পর শামীম বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।’
লাইভে শামীমকে ‘মুরতাদ’, ‘কুলাঙ্গার’ হিসেবে বিভিন্ন মন্তব্য করতেও শোনা যায়। পোস্টটির কমেন্টবক্সে অনেক ফেসবুক ব্যবহারকারী শামীমের ঠিকানা জানতে চাচ্ছিলেন। এখানে ফজলুল হক আমিনী শামীমের বাড়ির ঠিকানা লিখেও মন্তব্য করেন।
অডিও রেকর্ডটি শোনানোর পর লাইভের শেষ অংশে তিনি বলেন, ‘শামীমের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি শপথ গ্রহণ করলাম, তাকে যেখানেই পাওয়া যাবে, দুনিয়া থেকে তাকে বিদায় দেওয়ার জন্য আমি সংকল্পবদ্ধ।’ এরপর তিনি অন্যান্যদেরও তার সঙ্গে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।
একই অ্যাকাউন্টে বিকেল সাড়ে পাঁচটায় আরও একটি লাইভ পাওয়া যায়। এই লাইভটি করা হয়েছে কুলিয়া নামক স্থানে সবুর নামে এক গ্রাম্য চিকিৎসকের চেম্বারের সামনে থেকে। ওই চেম্বারে তখন শামীমের চিকিৎসা চলছিল।
লাইভে ফজলুল হক আমিনী শামীমের অবস্থান নিশ্চিত করে কুলিয়ার আশপাশে থাকা মানুষদের ওই চেম্বারের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান। ওই সময় ভিডিওতে চেম্বারের আশপাশে বেশ সংখ্যক মানুষের অবস্থান দেখা যায়।
লাইভে আমিনী বলেন, ‘যে আল্লাহ-রাসূলের অবমাননা করে তার ট্রিটমেন্টের কোনো অধিকার নেই। তাকে পুলিশের হাতেও তুলে দেওয়ার কোনো প্রশ্নই উঠে না।। আমরা স্বহস্তে তার শাস্তি নিশ্চিত করবো।’ এই সময় তার আশপাশে থাকা মানুষেরা তাকে সমর্থনও দেন।
লাইভে দেখা যায়, আমিনী বিভিন্ন বক্তব্য দিয়ে উপস্থিত মানুষদেরকে উস্কানি দিচ্ছিলেন এবং উত্তেজিত কণ্ঠে আরও মানুষকে জড়ো হওয়ার জন্য আহ্বান জানাচ্ছিলেন। পাশাপাশি তিনি চেম্বারের চিকিৎসককে বলছিলেন যেন শামীমকে বের করে প্রশাসন আসার আগেই উপস্থিত ‘তৌহিদী জনতা’র হাতে তুলে দেওয়া হয়।
এই সময় শামীমকে যেন চেম্বার থেকে নিয়ে যাওয়া না যায়, সেজন্য উপস্থিত মানুষদেরকে চেম্বারটি ঘেরাওয়ের নির্দেশও দেন তিনি। ৬ মিনিটের লাইভটির শেষ অংশে দেখা যায়, নীল রঙের জার্সি পরা এক ব্যক্তি শামীমকে চেম্বার থেকে টেনে বের করে নিয়ে আসেন এবং এই অবস্থাতেই তাকে মারধর করা শুরু হয়।
মিজান খান (Mezan Khan) নামের একটি আইডি থেকেও এই সময়ের লাইভ সম্প্রচার করা হয়। লাইভে শামীমের অবস্থান নিশ্চিত করা হচ্ছিল।
আমিনীর অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এখান থেকে পরবর্তী পোস্টটি শেয়ার করা হয় রাত ১১ টার দিকে। “প্রিয় সাতক্ষীরা” নামের একটি পেইজের পোস্ট শেয়ার করে আমিনী। পোস্টটিতে দেখা যায়, আমিনীর নেতৃত্বে একটি মিছিল। যেখানে স্লোগান দেওয়া হচ্ছে, ‘আল্লাহকে অবমাননাকারীর ফাঁসি চাই।’, ‘প্রশাসনের সহায়তা বন্ধ কর, করতে হবে।’
মিছিলে আমিনীকে বক্তব্য দিয়ে উপস্থিত জনতাকে আবারও উত্তেজিত করতে দেখা যায়। ভিডিওটিতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া লোকেরা আরও মানুষকে মিছিলে যোগদানের আহ্বান জানাচ্ছে। ভিডিওটিতে আমিনী মানুষদের পারুলিয়া ব্রিজের মাথায় চলে আসার আহ্বান জানান। এই সময় চিকিৎসক সবুরের চেম্বার থেকে শামীমকে টেনে বের করা ব্যক্তিকে আমিনীর পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এই মিছিলের লাইভ মিজান খান (Mezan Khan) নামের একটি আইডি থেকেও করা হয়।
এরপরই রাত ১১টা ১১ মিনিটে দেওয়া এক পোস্টে একটি ছবি যুক্ত করে আমিনী লিখেন, ‘মুরতাদ ওয়াহিদুজ্জামান শামীম, কই মাছের জান তোর।’
এই পোস্ট (আর্কাইভ) থেকে অনুমান করা যায়, শামীম হয়ত তখনো বেঁচে ছিলেন।
আব্দুল্লাহ আল মামুন নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিওতে শোনা যায়, ফরহাদ হোসেন নামে এক স্থানীয় এক সাংবাদিক দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শামীমের অবস্থা জানাচ্ছিলেন। ওই সাংবাদিক ভিডিওটিতে তখনো শামীমের বেঁচে থাকার খবর জানাচ্ছিলেন। তিনি বলছিলেন, শামীম এখনো বেঁচে আছে। তবে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সেই প্রস্তুতি চলছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ৯৯৯-এ ফোন পেয়ে সন্ধ্যার আগে শামীমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৯টার দিকে কয়েক-শ বিক্ষুব্ধ ব্যক্তি মিছিল নিয়ে হাসপাতালে গিয়ে তাকে আবারও মারধর করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যান। পরে শামীমকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে রাত ১২টা ৮ মিনিটে আমিনী আরেকটি পোস্টে (আর্কাইভ) শামীমের মৃত্যুর খবর নিশ্চিত করে পোস্ট দেন।
“শেখ সাদী আল জিসান” নামের একটি অ্যাকাউন্ট থেকেও গতকাল বুধবার (১৪ অক্টোবর) সকালে শামীমের মৃত্যু নিশ্চিত করে একটি পোস্ট (আর্কাইভ) দেওয়া হয়। এতে লেখা হয়, ‘নাস্তিক ওয়াহিদুজ্জামান শামীমকে দেবহাটার তৌহিদী জনতার গনপিটনীতে মৃত্যু..
তারিখ: ১৩/১০/২০২৬
সময়: রাত ১২টা। তার বক্তব্যের সংরক্ষিত কপি সংগ্রহ করতে আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করুন।
ইমো নাম্বারঃ 01764676238।’
শেখ সাদী আল জিসানকে ফজলুল হক আমিনীর একটি লাইভ পোস্টে মন্তব্য করতে দেখা যায়। এতে তিনি লিখেন, ‘বক্তব্য গুলো আমার কাছেও সংরক্ষিত আছে। এর কোন ক্ষমা নাই। কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া চায়।’
শেখ সাদী আল জিসানের অ্যাকাউন্ট থেকে জানা যায়, তিনি ইমাম ও খতিব হিসেবে সাতক্ষীরা খাসপাড়া জামে মসজিদে কর্মরত আছেন।
ফজলুল হক আমিনীর অ্যাকাউন্টটি বিশ্লেষণ করে দেখা যায়, শামীমের মৃত্যুর পরও অ্যাকাউন্টটি থেকে টানা পোস্ট করা হচ্ছে। এসব পোস্টে শামীম হোসেনের কথিত কথোপকথনের রেকর্ডগুলো বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হচ্ছে।
এ ছাড়া নিহত শামীমের পরিবার থেকে যে তাকে মানসিকভাবে অসুস্থ দাবি করা হয়েছে, এসব নিয়েও প্রশ্ন তুলেছেন আমিনী। একটি পোস্টে তিনি লিখেছেন, ‘যারা মুসলিম, তাদের বুকে হাত রেখে বলেন সে কি অসুস্থ বা মানসিক রোগী? মানসিক ভারসাম্যহীন ব্যক্তির শুধু আল্লাহ, রাসুল, কোরআন, সাহাবা, পীর-মাশায়েখ এগুলো নিয়েই বলার খোঁজে পাচ্ছে। পৃথিবীর অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার মানসিকতা তার আসছে না। যারা তাকে মানসিক রোগী বলছেন তারা আসলে প্রকৃত মানসিক রোগী। কোনো দলের ট্যাগ আমাকে দিবেন না, আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই। এটা দেবহাটাবাসী জানে, দলীয় ট্যাগ লাগিয়ে একটি মহল ফায়দা লোটার অপচেষ্টায় লিপ্ত। সাধু সাবধান তোমাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে।…
বিবিসি বাংলার এক প্রতিবেদনে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন এফএইচ আমিনী (Fh Ameni) নামের অ্যাকাউন্টটি সম্পর্কে বলেন, এটি তাদের নজরে এসেছে। পুলিশ কাজ করছে।
শামীমকে পিটিয়ে মারা সেলিব্রেট হচ্ছে ফেসবুকে
শামীমের মৃত্যুর পর গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাতে কারিমুল হোসাইন (আর্কাইভ) নামে একটি ফেসবুক পেইজ থেকে স্যালুট জানিয়ে পোস্ট দেওয়া হয়।
১ মিনিটের ভিডিওতে ওই ব্যক্তি ভবিষ্যতেও এভাবেই মব করে মেরে ফেলার জন্য সবাইকে আহ্বান জানান। পোস্টে এক ব্যক্তি শামীমকে মারার ঘটনাটিকে উদযাপন করে স্থানীয় ভাষায় বলছেন, ‘এই না আমার সাতক্ষীরার মানুষ, দিলটা খুশ (আনন্দিত) হয়ে গেছে। থ্যাঙ্ক ইউ সবাইকে।’
এ ছাড়া বিভিন্ন মিমভিত্তিক গ্রুপ ও পেইজেও এই ঘটনাকে ইতিবাচক দেখিয়ে মিম তৈরি করা হয়েছে।