আওয়ামী লীগ নিষিদ্ধে রাশিয়া ও চীনের উদ্বেগ দাবিতে ভুয়া ফটোকার্ড

152
আওয়ামী লীগ নিষিদ্ধে রাশিয়া ও চীনের উদ্বেগ দাবিতে ভুয়া ফটোকার্ড
আওয়ামী লীগ নিষিদ্ধে রাশিয়া ও চীনের উদ্বেগ দাবিতে ভুয়া ফটোকার্ড

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত, রাশিয়া এবং চীন-এমন দাবিতে ফেসবুকে বিবিসি বাংলার নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে। ফটোকার্ডটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ছবি রয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত, রাশিয়া ও চীনের উদ্বেগ প্রকাশ করার দাবিতে বিবিসি বাংলার ভাইরাল ফটোকার্ডটি এডিটেড। মূল ফটোকার্ডটিতে লেখা ছিল, ‘আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন।' এ ছাড়া আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় রাশিয়া ও চীনের উদ্বেগ প্রকাশের দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

ফটোকার্ডটির সত্যতা যাচাইয়ে বিবিসি বাংলার ভেরিফায়েড ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খুঁজে আলোচিত কার্ডটি পাওয়া যায়নি। আরও খুঁজে বিবিসি বাংলার ফেসবুক পেজে গতকাল মঙ্গলবার (১৩ মে) প্রকাশিত একটি ফটোকার্ড পাওয়া যায়। এই ফটোকার্ডের শিরোনামে লেখা-‘আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন।’

এ ছাড়া প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চেও আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় রাশিয়া ও চীনের উদ্বেগ প্রকাশের দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

অনুসন্ধানে এটি স্পষ্ট, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত, রাশিয়া ও চীনের উদ্বেগ প্রকাশ করার দাবিতে বিবিসি বাংলার ভাইরাল ফটোকার্ডটি এডিট করে তৈরি করা হয়েছে। 

প্রসঙ্গত, মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে এক সাংবাদিক যুক্তরাষ্ট্রের মতামত জানতে চান। এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগট (Thomas Pigott) বলেন, ‘বিশেষ ট্রাইব্যুনালে নেতাকর্মী ও দলের বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে আমরা অবগত রয়েছি।’ 

বাংলাদেশে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলেও জানান টমি পিগট (Thomas Pigott) । 

টমি পিগট (Thomas Pigott) আরও বলেন, বাংলাদেশসহ সব দেশকে আমরা মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা রক্ষার আহ্বান জানাই। 

উল্লেখ্য, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত সোমবার জারি করা একটি প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। 

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ বিবিসি বাংলার কথিত ফটোকার্ডটিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে। 

Claim:
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত, রাশিয়া এবং চীন-এমন দাবিতে ফেসবুকে বিবিসি বাংলার নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে। ফটোকার্ডটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ছবি রয়েছে।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh