নাহিদ ইসলামের বিদেশি পাসপোর্ট দাবিতে প্রচারিত ছবিটি ভুয়া

159
নাহিদ ইসলামের বিদেশি পাসপোর্ট দাবিতে প্রচারিত ছবিটি ভুয়া
নাহিদ ইসলামের বিদেশি পাসপোর্ট দাবিতে প্রচারিত ছবিটি ভুয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনে ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ ডোমিনিকার পাসপোর্টধারী নাগরিক- এমন দাবিতে ফেসবুকে একটি পাসপোর্টের ছবি শেয়ার করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, নাহিদের পাসপোর্ট দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড। ইন্টারনেট থেকে ডোমিনিকার পাসপোর্টের একটি ফ্রি টেম্পলেট সংগ্রহ করে সেটি সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে এই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

নাহিদের কথিত পাসপোর্টের ছবিটি রিভার্স ইমেজ সার্চে paulo travels  নামের ওয়েবসাইটে ভিন্ন আরেকটি পাসপোর্টের ছবি পাওয়া যায়। এটি ডোমিনিকার পাসপোর্টের একটি টেম্পলেট। এতে মিস্টার বিন খ্যাত রওয়ান সেবাস্টিয়ানের (Rowan Sebastian Atkinson) ছবি রয়েছে। এই পাসপোর্ট টেম্পলেটের সঙ্গে নাহিদের কথিত পাসপোর্টের মিল পাওয়া যায়। যেমন, দুটি পাসপোর্টেই থাকা ডোমিনিকা কর্তৃপক্ষের স্বাক্ষর একই।  

এটি পুনরায় রিভার্স ইমেজ সার্চে uruperu নামের আরেকটি ওয়েবসাইটেও আরও স্পষ্ট হুবহু একই ধরণের  টেম্পলেট পাওয়া যায়। এই টেম্পলেটটিতে থাকা বারকোডটি স্ক্যান করে একটি নাম্বার (RA015060) পাওয়া যায়। এই নাম্বারের সঙ্গে নাহিদ ইসলামের কথিত পাসপোর্টের বারকোডটির নাম্বারের মিল রয়েছে। 

নিচের ছবিটি দেখুন-

প্রসঙ্গত, পাসপোর্টের বারকোড সাধারণত এক হয় না। বিশেষ করে, দুইজন আলাদা ব্যক্তির পাসপোর্টের বারকোড এক হতে পারে না।  কারণ, প্রতিটি পাসপোর্ট একটি ইউনিক (অনন্য) নম্বর দিয়ে ইস্যু করা হয় । বারকোড বা মেশিন রিডেবল জোন (এমআরজেড)–এ সেই অনন্য তথ্যই এনকোড করা থাকে। 

ফলে এটি নিশ্চিত হওয়া যায়, ইন্টারনেট থেকে ডোমিনিকার পাসপোর্টের ফ্রি টেম্পলেট সংগ্রহ করে পরবর্তীতে সেটি এডিট করে নাহিদ ইসলামের নামে কথিত পাসপোর্টটি তৈরি করা হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এই দাবিতে প্রচারিত পোস্টগুলোকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনে ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ ডোমিনিকার পাসপোর্টধারী নাগরিক- এমন দাবিতে ফেসবুকে একটি পাসপোর্টের ছবি শেয়ার করা হচ্ছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh