সম্প্রতি দৈনিক কালের কণ্ঠের একটি ফটোকার্ড শেয়ার করে দাবি করা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সদ্য যাত্রা করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে বলেছেন, ‘ডিসেম্বরে নির্বাচন দিতে গেলে তাড়াহুড়ো হবে, ছাত্ররা একটা দল করেছে সুসংগঠিত হতে তাদের একটু সুযোগ দেওয়া উচিৎ।’ ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, কালের কণ্ঠের নাম ও লোগোযুক্ত ছাত্রদের দল নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য সংবলিত এই ফটোকার্ডটি এডিটেড। কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড এডিট করে এটি বানানো হয়েছে।
ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটির সত্যতা যাচাইয়ে প্রথমেই একটি অসঙ্গতি নজরে পড়ে ফ্যাক্টওয়াচের। ফটোকার্ডটিতে প্রধান উপদেষ্টার কথিত মন্তব্যটির শুরুতে একটি উদ্ধৃত চিহ্ন থাকলেও বাক্যের শেষে আর নেই। প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমে সাধারণত এমন ভুল নজরে পড়ে না।
এমন অসঙ্গতির কারণে কালের কণ্ঠের ভেরিফায়েড ফেসবুক পেজ খুঁজে এনসিপি নিয়ে প্রধান উপদেষ্টার কথিত মন্তব্যযুক্ত ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটির অনুরূপ একটি ফটোকার্ড পাওয়া যায়। দুটি ফটোকার্ডেরই প্রকাশকাল গত শুক্রবার (৩০ মে)। দুটি ফটোকার্ডের তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, শিরোনাম ব্যতীত ফটোকার্ড দুটিতে হুবহু মিল রয়েছে।
কালের কণ্ঠের এই ফটোকার্ডটি এডিট করে ‘ডিসেম্বরে নির্বাচন দিতে গেলে তাড়াহুড়ো হবে..’— ড. ইউনূসের নামে ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে
কালের কণ্ঠের ভেরিফায়েড ফেসবুক পেজে পাওয়া ফটোকার্ডটির শিরোনাম ছিল, ‘শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে: প্রধান উপদেষ্টা’। অপরদিকে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটির শিরোনাম, ‘ ‘ডিসেম্বরে নির্বাচন দিতে গেলে তাড়াহুড়ো হবে, ছাত্ররা একটা দল করেছে সুসংগঠিত হতে তাদের একটু সুযোগ দেওয়া উচিৎ।’
যতিচিহ্নের অসঙ্গতি ও ফটোকার্ড দুটির তুলনামূলক বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে কালের কণ্ঠের ফটোকার্ড এডিট করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ ছাড়া প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চেও গত বছর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের গড়া দল এনসিপিকে সুসংগঠিত করা নিয়ে প্রধান উপদেষ্টার এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এনসিপি নিয়ে প্রধান উপদেষ্টার কথিত মন্তব্যযুক্ত ফেসবুকে প্রচারিত কালের কণ্ঠের নাম ও লোগোযুক্ত ফটোকার্ডটিকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে।
Claim: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সদ্য যাত্রা করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে বলেছেন, ‘ডিসেম্বরে নির্বাচন দিতে গেলে তাড়াহুড়ো হবে, ছাত্ররা একটা দল করেছে সুসংগঠিত হতে তাদের একটু সুযোগ দেওয়া উচিৎ।’
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh