এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ভুয়া ফটোকার্ড

29
এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ভুয়া ফটোকার্ড
এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ভুয়া ফটোকার্ড

সম্প্রতি ফেসবুকে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের আবহে প্রথম আলোর আদলে তৈরি একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ছে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ছবি যুক্ত করে দাবি করা হচ্ছে যে, তিনি সংসদে দাঁড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেছেন, "এরা কেউ সাধারণ শিক্ষার্থী নয়, এরা ফ্যাসিস্টের দোসর, দেশ অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এরা মাঠে নেমেছে।" তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে প্রথম আলো এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, বরং তারা এটিকে 'ভুয়া' বলে নিশ্চিত করেছে। একই সাথে এই আন্দোলন শুরু হওয়ার পরে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর এমন কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র বন্যা, বর্ষণ ও জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলন শুরু হয়। ২০২৬ সালের ১৪ জুলাই থেকে পরীক্ষার্থীরা ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়সহ দেশের প্রায় ৩০টি জেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিতের মূল দাবির পাশাপাশি তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবি জানান। এই আন্দোলনের রেশ ধরেই পরবর্তীতে ফেসবুকে ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে। 

অনুসন্ধানে দেখা গেছে, ফটোকার্ডটিতে প্রকাশের তারিখ দেওয়া আছে ১৪ জুলাই ২০২৬ এবং নিচে প্রথম আলোর অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করা হয়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, উক্ত তারিখে প্রথম আলোর অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে এই ছবি সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি। প্রথম আলো তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ১৫ জুলাই ২০২৬ তারিখে একটি বিশেষ সতর্কবার্তা পোস্ট করে জানায় যে, তাদের নাম ব্যবহার করে ছড়ানো এই এই ফটোকার্ডটি ভুয়া। 

অন্যদিকে, ১৪ জুলাই আন্দোলন শুরু হওয়ার পর থেকে জাতীয় সংসদের কোনো অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে এমন কোনো মন্তব্য করতে দেখা যায়নি। সংসদ অধিবেশনের রেকর্ড কিংবা অন্য কোনো মূলধারার গণমাধ্যমেও এই ধরনের কোনো বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।

অর্থাৎ, প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ছড়ানো এই বক্তব্যটি সম্পূর্ণ বানোয়াট। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিত্তিহীন এসব পোস্টকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।

Claim:
এরা কেউ সাধারণ শিক্ষার্থীর নয়, এরা ফাসিস্টের দোসর" দেশ অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এরা মাঠে নেমেছে- সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh